জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে দলটি আবারও বড় ধরনের বিপদে পড়বে। একই সঙ্গে এটি দেশের জন্যও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করবে।’
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে বগুড়ার আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।”
তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার বিভাগে দায়িত্বে থাকাকালীন বগুড়া শহরকে সিটি করপোরেশনে রূপান্তর করেছি। খুব অল্প সময়ের মধ্যে সেটি সফলতার মুখ দেখবে। বগুড়া স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং আগের জৈলুস ফিরিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সেটির কাজ প্রায় সম্পন্নের পথে। আমরা হাতে খুব অল্প সময় পেয়েছি। এ জন্য আমরা আবারও আপনাদের কাছে এসেছি। এবার ১১ দলীয় ঐক্যজোট যদি সরকার গঠন করতে পারে এবং নূর মোহাম্মাদ যদি এমপি হতে পারেন তাহলে বগুড়াবাসী তথা এই এলাকার মানুষকে আমাদের অনেক কিছু দেওয়ার রয়েছে। সেই সাথে রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়ার উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া জেলা জামাতের আমির মাওলানা আব্দুল হক সরকারসহ স্থানীয় জামায়াত নেতারা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ জাতীয় আরো খবর..