রাজধানীর গুলশানে গত বুধবার রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে এক মোটরসাইকেল আরোহী দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করছে। তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।
জানা গেছে, তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগানো হয়। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। কিন্তু খামের মধ্যে কী ছিল তা জানা যায়নি। এ সময় সামনে-পেছনে তার নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় রবিবার (১৮ জানুয়ারি)।
এক পুলিশ কর্মকর্তা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালক এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচটেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যায়। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশের কাছে দেওয়া হয়নি। সিএসএফ'র কাছে রয়েছে।
পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।
পুলিশ জানায়, ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।
তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় আরোহীর পরিচয় স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।
পুলিশ জানিয়েছে, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর..