বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন। যেখানে তাকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন তারেক রহমান।
দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, আজকের বৈঠকে তাকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে ঘোষণা করার বিষয়টি আলোচনায় আসতে পারে।
গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘দুএক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলীয়ভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এমনকি চেয়ারম্যান পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীদের প্রচারের ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, সে বিষয়টিও এখনো স্পষ্ট হয়নি।
বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য অনুরোধ করেছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চান। এ বিষয়ে তিনি বরাবরই এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।
তারেক রহমানের পূর্ণাঙ্গ চেয়ারম্যান হওয়া প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কোনো মন্তব্য করেননি।
এ জাতীয় আরো খবর..