✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:০৯:৫৪ |বিশ্বকাপে টানা সফর, অনুশীলন ও চাপে থাকা ম্যাচের প্রভাব পড়তে শুরু করেছে নরওয়ে দলে। শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের কয়েকজন খেলোয়াড় অসুস্থতায় ভুগছেন বলে জানিয়েছেন নরওয়ের প্রধান কোচ স্টলে সোলবাক্কেন।
তিনি জানান, আক্রমণভাগের খেলোয়াড় ইয়োরগেন স্ট্রান্ড লারসেন জ্বরে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া দলের আরও কয়েকজন কাশি ও গলাব্যথার মতো সমস্যায় ভুগছেন। তবে তার মতে, দীর্ঘ সফর, বিমানযাত্রা, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ এবং পোশাক পরিবর্তনের কক্ষের পরিবেশের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
সোলবাক্কেন বলেন, দলের সফরসঙ্গী প্রায় ৫০ জন। তাই এত দীর্ঘ সময় একসঙ্গে থাকার পর কারও না কারও অসুস্থ হয়ে পড়া অস্বাভাবিক নয়।
এর আগে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারানোর সময় অসুস্থতার কারণে খেলতে পারেননি রক্ষণভাগের খেলোয়াড় মার্কুস হোমগ্রেন পেডারসেন। তবে তার অসুস্থতার পেছনে মানসিক চাপও কাজ করেছে বলে মনে করেন কোচ।
সোলবাক্কেনের ভাষ্য, ২৫ বছর বয়সী পেডারসেন শুরুতে ভেবেছিলেন তিনি শুধু বদলি খেলোয়াড় হিসেবেই থাকবেন। কিন্তু পরে দুটি ম্যাচে সুযোগ পেয়ে দারুণ খেলেছেন। বড় মঞ্চের চাপ, নতুন অভিজ্ঞতা এবং মানসিক উত্তেজনার কারণে তার শরীর কিছুটা ভেঙে পড়েছে বলে ধারণা কোচের।
আগামী শনিবার বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অসুস্থ খেলোয়াড়দের দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে দলটি।