সেমির টিকেটে চোখ, মরক্কোর প্রতিশোধ নাকি ফরাসি উত্তাপ?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:০৮:২৭ |

ফুটবল বিশ্বের নজর এখন আমেরিকার ফক্সবরো স্টেডিয়ামের দিকে। বৃহস্পতিবার বিশ্বকাপের মহারণে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকান জায়ান্ট মরক্কো। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালের সেই রোমাঞ্চকর লড়াইয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে এই দুই দল। সেবার মরক্কোর রূপকথার দৌড় থামিয়ে ফাইনালে উঠেছিল ফরাসিরা, তবে চার বছর পর এবার আর মরক্কোকে কেবল চমক হিসেবে দেখার সুযোগ নেই। তারা এখন বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী ও সমীহ জাগানো প্রতিযোগী।

চলতি বিশ্বকাপে ফ্রান্স এখন পর্যন্ত দুর্দান্ত খেললেও নকআউট পর্বের শেষ ম্যাচে প্যারাগুয়ের রক্ষণভাগ ভাঙতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে কোনোমতে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে লে ব্লুজরা। অন্যদিকে মরক্কো দুর্দান্ত ফর্মে রয়েছে। শেষ ১৬-র লড়াইয়ে তারা কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে। এর আগে গ্রুপ পর্বেও ব্রাজিলের সাথে ড্র এবং হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে সহজ জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে এসেছিল তারা। মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি ম্যাচটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। টুর্নামেন্টের ঠিক আগমুহূর্তে দায়িত্ব নেওয়া ওয়াহবি বলেন, তারা আর কোনো চমক নন বরং নিজেদের যোগ্যতায় আজ এই অবস্থানে এসেছেন। তিনি স্পষ্ট করেছেন যে ফ্রান্সের বিপক্ষে এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয় বরং নিজেদের দেশের মানুষকে গর্বিত করাই তাদের মূল লক্ষ্য। তবে ঐতিহাসিক রাজনৈতিক পটভূমি এবং গত বিশ্বকাপের হারের ক্ষত মিলিয়ে মরক্কোর জন্য এই ম্যাচটিতে বাড়তি একটা আবেগের জায়গা থাকছেই।

এই ম্যাচে ফরাসিদের প্রধান অস্ত্র কিলিয়ান এমবাপ্পেকে আটকানো মরক্কোর ডিফেন্সের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৭টি গোল করে লিওনেল মেসি এবং আর্লিং হালান্ডের সাথে গোল্ডেন বুটের দৌড়ে যৌথভাবে শীর্ষে আছেন এমবাপ্পে। ফ্রান্সের আক্রমণভাগে আরও আছেন বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে। তবে মরক্কোর রক্ষণভাগও বেশ সুসংগঠিত। গোলপোস্টের নিচে আশরাফ হাকিমি ও ইয়াসিন বোনোদের মতো তারকাদের প্রাচীর ভেদ করা ফ্রান্সের জন্য সহজ হবে না। 

অন্যদিকে ফরাসি শিবিরে কার্ড সমস্যা কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্র্যাডলি বারকোলা, মানু কোনে এবং দলের অন্যতম সেরা পারফর্মার মাইকেল অলিসে; এই তিন ফুটবলারের নামের পাশে একটি করে হলুদ কার্ড রয়েছে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তারা যদি আরেকটি হলুদ কার্ড দেখেন, তবে সেমিফাইনালে উঠলেও ম্যাচটি মিস করবেন। সব মিলিয়ে আক্রমণ বনাম রক্ষণের এক তুমুল ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..