বান্দরবানে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম, নিম্নাঞ্চল প্লাবিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১৪:০৪:২৯ |

বান্দরবানে মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টিপাতে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। বান্দরবান মৃত্তিকা সংরক্ষণ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সকাল ৯টায় নেয়া রেকর্ড অনুযায়ী বান্দরবান শহরের সাঙ্গু নদীর পয়েন্টে পানির উচ্চতা ১৫ দশমিক ৭৬ মিটার। যার বিপৎসীমা হচ্ছে ১৪ দশমিক ৮ মিটার।

এতে জেলা শহরের বালাঘাটা, সিকদারপাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, শেরে বাংলা নগর, কালাঘাটাসহ বিভিন্ন নিম্নাঞ্চল এলাকায় প্রায় ৪ থেকে ৫ ফুট পর্যন্ত পানি উঠে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকায় হাজার মানুষ। শহরের বালাঘাটা এমডিএস এলাকার রাস্তার পানি ওঠায় বান্দরবান-রাঙামাটি-খাগড়াছড়ি যানচলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে বুধবার সকাল ৯টার রেকর্ড অনুযায়ী লামা শহর পয়েন্টের মাতামুহুরী নদীতে ১১ দশমিক ৯৪ উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এই পয়েন্টের বিপৎসীমা হচ্ছে ১১ দশমিক ৮ মিটার।

প্রবল বৃষ্টিপাতে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় দুর্ভোগে পড়েছে পানিবন্দী মানুষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..