ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৪, | ২০:৪৪:০২ |
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’। এমন পরিস্থিতিতে ঘরবাড়ির সুরক্ষাব্যবস্থা জোরদার করছেন ওই এলাকার বাসিন্দারা।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু।

মার্কিন ন্যাশনাল আবহাওয়া সংস্থার তথ্যমতে, বর্তমান পূর্বাভাস অনুযায়ী, মারিয়ানা দ্বীপপুঞ্জের পরিস্থিতি উদ্বেগজনক। গুয়াম ও উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের সব বাসিন্দারই অন্তত গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা উচিত।

সর্বশেষ তথ্যানুযায়ী, টাইফুন বাভি মার্শাল দ্বীপপুঞ্জ ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিল। যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার (জেটিডব্লিউসি) জানিয়েছে, তখন ঝড়টির বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৬৭ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতি ছিল ঘণ্টায় ২০৩ কিলোমিটার।

জেটিডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমমুখী অগ্রসর হওয়া বাভি শিগগিরই সুপার টাইফুনে পরিণত হতে পারে। তখন এর বাতাসের গতি সর্বোচ্চ ঘণ্টায় ২৪০ কিলোমিটারে পৌঁছাবে এবং পরবর্তী ২৪ ঘণ্টায় তা বেড়ে ঘণ্টায় ২৭৮ কিলোমিটারে উন্নীত হতে পারে, যা ক্যাটাগরি-৫ হারিকেনের সমতুল্য শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হয়।

পরে কিছুটা দুর্বল হলেও সোমবার (০৬ জুলাই) সকালে বাভি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সংস্থাটি জানায়, পশ্চিম উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘণ্টায় ২৪০ কিলোমিটার বা তার বেশি গতির বাতাসবিশিষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ বলা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..