মেক্সিকোর চেয়েও বড় বাধা আজতেকা স্টেডিয়ামের উচ্চতা, কঠিন পরীক্ষায় ইংল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০২, | ২১:৫২:৫৮ |

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলোয় পৌঁছালেও এবার বড় পরীক্ষার সামনে ইংল্যান্ড। ৭৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকার পর হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে রাউন্ড অব ১৬ নিশ্চিত করে তারা।

এবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক মেক্সিকো, যারা এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত এবং নিজেদের চারটি ম্যাচেই জয় পেয়েছে। তবে ম্যাচটি আরও কঠিন করে তুলেছে ভেন্যু—মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেডিয়ামে খেলা ইংল্যান্ডের জন্য বড় শারীরিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই উচ্চতায় অক্সিজেনের মাত্রা কম থাকায় খেলোয়াড়দের দ্রুত ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ফিটনেসজনিত সমস্যার ঝুঁকি বেড়ে যায়।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল জানিয়েছেন, স্বল্প প্রস্তুতির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। তিনি বলেন, ‘এই উচ্চতা আমাদের জন্য বড় অসুবিধা হবে, কারণ এর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো সময় আমাদের নেই। মাত্র তিন দিনের ব্যবধানে ম্যাচ খেলতে হচ্ছে, ফলে দ্রুত অভিযোজন সম্ভব নয়।’

তবে মেক্সিকোর জন্য এই পরিস্থিতি বড় সুবিধা হিসেবে কাজ করছে বলে মনে করছেন তুচেল। তিনি বলেন, আজতেকা স্টেডিয়ামে আগে থেকেই দুটি গ্রুপ ম্যাচ ও রাউন্ড অব ৩২ খেলে জয় পাওয়ায় স্বাগতিকরা পরিবেশের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিয়েছে।

ইংল্যান্ড এখনও পর্যন্ত তাদের সব ম্যাচ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খেলেছে। ফলে প্রথমবারের মতো মেক্সিকোর উচ্চতা ও সমর্থকদের চাপের মুখে পড়তে যাচ্ছে তারা। অন্যদিকে স্বাগতিকরা নিজেদের মাঠ, পরিবেশ এবং দর্শক সমর্থনের পূর্ণ সুবিধা পাবে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..