দীর্ঘ প্রতীক্ষার পর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের বিষয়ে সুখবর পেয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সবকিছু ঠিক থাকলে চলতি জুন মাসের শেষ সপ্তাহেই প্রকাশ করা হতে পারে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল। এ লক্ষ্যে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সোমবার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট নীতিনির্ধারক ও কর্মকর্তারা ফল প্রকাশের প্রস্তুতির সর্বশেষ অগ্রগতি সম্পর্কে তথ্য জানিয়েছেন।
অধিদপ্তরের তথ্য-ব্যবস্থাপনা বিভাগের সিস্টেম অ্যানালিস্ট দিলীপ কুমার সরকার জানান, প্রাথমিক বৃত্তির ফল প্রস্তুতের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফলাফল প্রস্তুত হলেও ডাটাবেজে কিছু কারিগরি যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
তিনি বলেন, আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত ফল প্রশাসন বিভাগে পাঠানো হবে। এরপর প্রশাসন বিভাগ ফল প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করবে।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা জানান, ফল প্রকাশে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
তার ভাষ্য, তথ্য বিভাগ থেকে চূড়ান্ত ডাটা হাতে পেলেই জরুরি সভা করে পরদিনই ফল প্রকাশ করা সম্ভব হবে। আমরা আশাবাদী, চলতি মাসের শেষের দিকেই শিক্ষার্থীরা তাদের ফলাফল পাবে।
চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশ থেকে প্রায় ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত সার্ভারের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। ফল প্রকাশের আনুষ্ঠানিক তারিখ ও সময় শিগগিরই জানানো হবে।
১. মেধাবৃত্তি বা ট্যালেন্টপুল
যেসব শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষে থেকে ট্যালেন্টপুল বা মেধাবৃত্তি লাভ করবে, তারা প্রতি মাসে ৩০০ টাকা করে মাসিক ভাতা পাবে। এর পাশাপাশি এই ক্যাটাগরির শিক্ষার্থীরা এককালীন অনুদান হিসেবে পাবেন ২২৫ টাকা।
২. সাধারণ বৃত্তি
সাধারণ কোটায় বা সাধারণ ক্যাটাগরিতে যারা বৃত্তির জন্য মনোনীত হবে, তাদের মাসিক ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২২৫ টাকা। এছাড়া এই ক্যাটাগরির সাধারণ শিক্ষার্থীরাও এককালীন অনুদান হিসেবে ২২৫ টাকা করে পাবেন।
চলতি বছরের গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে দেশের ৬১টি জেলায় একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে মূল পরীক্ষা শেষ হয়। তবে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশেষ ব্যবস্থাপনায় ১৭, ১৮, ১৯ ও ২০ এপ্রিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, চলতি বছরই প্রথমবারের মতো দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তথা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও সরকারি এই বৃত্তি পরীক্ষায় সরাসরি অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ পেয়েছে।
ঘরে বসেই রেজাল্ট চেক করার ২টি সহজ উপায়:
১. অনলাইনের মাধ্যমে (রোল নম্বর দিয়ে):
ipemis.dpe.gov.bd অথবা dpe.gov.bd ওয়েবসাইটে যান।
পরীক্ষার সন (প্রাথমিক বৃত্তি পরীক্ষা) সিলেক্ট করুন।
শিক্ষার্থীর রোল নম্বর দিয়ে 'সাবমিট' করলেই রেজাল্ট স্ক্রিনে চলে আসবে। এখান থেকে জেলা ও উপজেলা ভিত্তিক PDF মেধা তালিকাও ডাউনলোড করা যাবে।
২. মোবাইল এসএমএস-এর মাধ্যমে:
যেকোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন: DPE <স্পেস> রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
(উদাহরণ: DPE 123456 লিখে Send করুন 16222 নম্বরে)। ফিরতি এসএমএস-এ ফলাফল চলে আসবে।
এ জাতীয় আরো খবর..