✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৬-১৯, | ১১:১৭:৪৬ |বিশ্বকাপ অভিষেকের অপেক্ষার প্রহর গোনা এখনো শেষ হয়নি তরুণ ফরোয়ার্ড এন্দ্রিকের। উত্তর আমেরিকা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তাকে মাঠে নামাননি কোচ কার্লো আনচেলত্তি। তবে এন্দ্রিকের মতো তরুণদের হাতেই সেলেসাওদের ভবিষ্যৎ দেখছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। ১৯ বছর বয়সী এই স্ট্রাইকারের প্রতি নিজের মুগ্ধতা ও আস্থার কথা জানিয়ে দানিলো বলেছেন, এন্দ্রিককে তারা বড় দায়িত্বেই দেখতে চান।
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি দলের প্রাণভোমরা নেইমার। তার অনুপস্থিতিতে আক্রমণভাগের নেতৃত্ব দিতে হয়েছে ভিনিসিউস জুনিয়রকে, যিনি দলের সমতাসূচক গোলটিও করেন। তবে ভিনিসিউস ছাড়া আক্রমণভাগের বাকিরা খুব একটা সুবিধা করতে পারেননি। ফলে স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে মরক্কো ম্যাচে বেঞ্চে বসে থাকা এন্দ্রিকের নাম।
২০২৩ সালে যখন এন্দ্রিক প্রথম জাতীয় দলে ডাক পান, তখন তিনি ছিলেন কিংবদন্তি রোনালদো নাজারিওর পর ব্রাজিলের সবচেয়ে কমবয়সী পুরুষ ফুটবলার। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের ইতিহাসের চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় তার। অভিষেকের মাত্র চার মাস পর নিজের তৃতীয় ম্যাচে প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পান এই তরুণ তুর্কি, এবং এরপর টানা তিন ম্যাচে গোল করে নিজের জাত চেনান।
বাংলাদেশ সময় আগামী শনিবার সকাল সাড়ে ৬টায় ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে এন্দ্রিক শুরুর একাদশে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে এন্দ্রিকের ভূয়সী প্রশংসা করেছেন দানিলো। তিনি স্পষ্ট করেই বলেছেন, এন্দ্রিক ব্রাজিলিয়ান ফুটবলের একটি দুর্লভ রত্ন। সে অত্যন্ত শক্তিশালী এবং ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার মতো একজন তারকা ফুটবলার।
দলীয় পরিকল্পনায় তরুণদের গুরুত্বের কথা উল্লেখ করে দানিলো আরও জানান, কাসেমিরো, নেইমার কিংবা তার নিজের মতো অভিজ্ঞদের জন্য এটাই হয়তো শেষ সুযোগ। এরপর এই তরুণরাই জাতীয় দলকে সামনে টেনে নিয়ে যাবে। তাই তরুণরা যাতে দলে নিজেদের গুরুত্বপূর্ণ মনে করতে পারে, সেই পরিবেশ তৈরি করা অভিজ্ঞদের দায়িত্ব। মরক্কো ম্যাচে এন্দ্রিককে না খেলানো কোচের সিদ্ধান্ত ছিল উল্লেখ করে দানিলো আশাবাদ ব্যক্ত করেন যে, খুব দ্রুতই এন্দ্রিক সেলেসাওদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন।