বডিগার্ড আর ট্রাম্পের ফোন কল নিয়ে যা বললেন ‘ভীত’ পচেত্তিনো

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৬-১৮, | ১৮:১১:৪৯ |

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে ‘এল পার্তিদাসো দে কোপে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন যুক্তরাষ্ট্রের (ইউএসএমএনটি) প্রধান কোচ মাউরিসিও পচেত্তিনো। নিজের কড়া নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কল এবং মাঠের ফুটবল; সবকিছু নিয়েই নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড।

সাক্ষাৎকারে পচেত্তিনো রসিকতার সুরেই তার সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টনীর কথা উল্লেখ করেন। তিনি জানান, তার জেরি নামের এক চমৎকার বডিগার্ড আছেন, যে আকারে খুব বড় না হলেও তার মুখোমুখি হওয়ার সাহস কেউ দেখাবে না। এছাড়া আরও দুজন বিশালদেহী নিরাপত্তারক্ষী সবসময় তার পেছনে থাকেন। একদিন স্ত্রীকে নিয়ে সৈকতে একটু একান্ত সময় কাটাতে গিয়ে তিনি নিরাপত্তা এড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু সেখানে উপচে পড়া ভিড় দেখে শেষমেশ তার স্টাফকে বলে বডিগার্ড পাঠাতে অনুরোধ করেন। পচেত্তিনো স্বীকার করেন যে এখানে নিরাপত্তা অত্যন্ত কঠোর এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এটি বেশ জরুরি।

বিশ্বকাপ শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাওয়া বহুল আলোচিত সেই ফোন কলটি নিয়েও কথা বলেন পচেত্তিনো। তিনি অকপটে স্বীকার করেন, নিজের ইংরেজি দক্ষতার কারণে ট্রাম্পের বার্তা পুরোপুরি বুঝতে পারবেন কি না তা নিয়ে তিনি কিছুটা ভয়ে ছিলেন এবং এ কারণে নিজের স্টাফদেরও সাহায্য নিয়েছিলেন। তবে ট্রাম্প খুবই সদয় ছিলেন এবং সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন। পচেত্তিনো আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যদি টুর্নামেন্টের পরের ধাপগুলোতে যেতে পারে, তবে ব্যস্ত প্রেসিডেন্টকে তারা হয়তো গ্যালারিতে পাশে পাবেন।

প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করা মার্কিন দলের বর্তমান মানসিক অবস্থা নিয়ে পচেত্তিনো বেশ সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, দলের সবাই খুব ভালো মানসিক অবস্থায় আছেন এবং দলের মধ্যে দুর্দান্ত এক শক্তি কাজ করছে। কোনো ধরনের স্নায়ুচাপ বা ভবিষ্যতের পরিণতি নিয়ে না ভেবে তারা শুধু খেলাটা উপভোগ করছেন। তবে এটি কেবল একটি ম্যাচের জয়, তাই সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখার তাগিদ দিয়েছেন তিনি। দলের ম্যাচটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ সরাসরি দেখেছেন উল্লেখ করে পচেত্তিনো বলেন, আমেরিকার সমর্থকরা যদি একবার পুরোপুরি ফুটবলপ্রেমী হয়ে ওঠেন, তবে ভবিষ্যতে এই দেশটি বিশ্ব ফুটবলের পরাশক্তিতে পরিণত হবে।

বিশ্বকাপের অন্যান্য পরাশক্তি ও লিওনেল মেসিকে নিয়ে নিজের মুগ্ধতা লুকাতে পারেননি এই কোচ। মেসিকে অন্য গ্রহের ফুটবলার আখ্যা দিয়ে তিনি জানান, আর্জেন্টিনার এই মহাতারকাকে বর্ণনা করার মতো কোনো বিশেষণই যথেষ্ট নয় এবং আর্জেন্টিনাই এবার টুর্নামেন্টের সবচেয়ে ফেবারিট দল। পাশাপাশি স্পেনের ড্র নিয়ে এখনই নাটকীয় কিছু না ভাবার পরামর্শ দিয়ে তিনি জানান, বড় প্রতিপক্ষের মুখোমুখি হলে স্পেন ঠিকই তাদের চেনা ছন্দ ফিরে পাবে। তবে আবেগের জায়গা থেকে আর্জেন্টিনার চেয়ে স্পেনের মুখোমুখি হওয়াটাকেই তার জন্য বেশি সহজ বলে মনে করেন পচেত্তিনো।

সূত্র: মার্কা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..