ইয়ামাল একাই স্পেনকে বিশ্বকাপ জেতাতে পারে : ভিনিসিয়ুস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৫-২৯, | ১১:৫২:৪৯ |
তারা হতে পারেন শত্রু শিবিরের। ক্লাব ফুটবলে তাদের শত্রুতা পানির মতো পরিষ্কার। কিন্তু প্রতিভার স্বীকৃতি দিতে কার্পণ্য নেই ভিনিসিয়ুস জুনিয়রের মনে। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামালের প্রশংসা করলেন রিয়াল মাদ্রিদের তারকা।

বিশ্বকাপ সামনে রেখে ইয়ামালের মাঝে ভিনিসিয়ুস অসাধারণ প্রতিভা খুঁজে পেয়েছেন। তার বিশ্বাস, স্পেনকে একাই বিশ্বকাপ জেতানোর মতো সামর্থ্য আছে ইয়ামালের।

কেজ টিভি-র সঙ্গে আলাপে ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাব প্রতিদ্বন্দ্বিতা একপাশে সরিয়ে রেখে ইয়ামালকে মূল্যায়ন করলেন। চ্যানেলটিকে ভিনিসিয়ুস বললেন, ‘স্পেনের লামিনে ইয়ামাল আছে, যে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে মাঠে অসাধারণ সব জিনিস করে। সে একাই বিশ্বকাপ জেতার মতো খেলোয়াড়। সে এমন খেলোয়াড়, টাকা দিয়ে যার খেলা দেখতে চাইবেন।’

২০২৫ ব্যালন ডি’অর র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ইয়ামাল। সম্প্রতি দারুণ সময় কাটছে তার। বার্সেলোনায় ১৫১ ম্যাচ খেলে এই কিশোর ৪৯ গোল ও ৫২ অ্যাসিস্ট করেছেন। সবশেষ মৌসুমেও তার দাপট দেখা গেছে। সব প্রতিযোগিতা মিলে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৮ অ্যাসিস্ট তার। 

তিনটি স্প্যানিশ লিগ শিরোপার সঙ্গে ইয়ামাল ইতোমধ্যে স্পেনের হয়ে ২৫ ম্যাচ খেলে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তার আগের বছর সেপ্টেম্বরে অভিষেকের পর থেকে গোল করেছেন ছয়টি। চোট পেয়ে এখন তিনি বিশ্বকাপের জন্য নিজের ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..