প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রায় ৬ হাজার মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সালমান ওমরের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে চিকিৎসাসেবা দেন বিএনএসবি চক্ষু হাসপাতালের একদল চিকিৎসক।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সালমান ওমর বলেন, ২০১২ সাল থেকে তিনি হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার মানুষকে এ কার্যক্রমের আওতায় চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭ হাজার মানুষের ছানি অস্ত্রোপচার করা হয়েছে এবং ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে।
সালমান ওমর বলেন, এই চক্ষু চিকিৎসা কার্যক্রম কখনো কোনো নির্দিষ্ট দলের মানুষের জন্য ছিল না। আমি একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে কাজ করলেও চিকিৎসাসেবা দেয়ার ক্ষেত্রে কখনো কাউকে জিজ্ঞাসা করিনি তিনি কোন দলের বা কোন এলাকার মানুষ। হালুয়াঘাট ও ধোবাউড়ার পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলার মানুষও এখানে চিকিৎসা নিতে এসেছেন। আমার মূল লক্ষ্য ছিল এলাকার মানুষের সেবা করা।
তিনি আরও বলেন, একটা ভালো কাজ শুরু করতে গেলে অনেক বাধা আসে। চক্ষু ক্যাম্পের কার্যক্রম শুরুর সময়ও অনেকে নানা ধরনের অপপ্রচার চালিয়েছেন। কিন্তু মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমরা কাজটি চালিয়ে যেতে পেরেছি। সংসদ সদস্য হওয়ার আগে যা করেছি, এখনো তা-ই করছি। আমার এই কাজের মেয়াদ হয়তো পাঁচ বছর। এরপর সংসদ সদস্য থাকব কি না, জানি না। তবে আপনাদের সন্তান, ভাই ও বন্ধু হিসেবে সারা জীবন পাশে থাকতে চাই।
শিশুদের চোখের সমস্যা শনাক্ত করতে বিদ্যালয় পর্যায়ে চিকিৎসাসেবা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
সালমান ওমর বলেন, আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিশুদের চোখ পরীক্ষা করার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা বন্ধ হয়ে যায়। এখন আবার এ কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনএসবি চক্ষু হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। উদ্যোগটি বাস্তবায়িত হলে হালুয়াঘাট ও ধোবাউড়ার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের চোখ পরীক্ষা করা সম্ভব হবে। এতে শিশুদের চোখের সমস্যা শুরুতেই শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা যাবে।
এ জাতীয় আরো খবর..