জার্মান তারকা জামাল মুসিয়ালার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বায়ার্ন মিউনিখ। বারবার চোট ও স্বাস্থ্যগত সমস্যার কারণে আগের ছন্দে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে ক্লাবটির কর্তাদের মধ্যে। পরিস্থিতির উন্নতি না হলে মুসিয়ালাকে বিক্রি করার সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না জার্মান জায়ান্টরা।
বায়ার্নের নির্বাহী বোর্ডের সাবেক প্রধান কার্ল-হাইনৎস রুমেনিগে সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মুসিয়ালার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তার স্বাস্থ্যগত সমস্যা রয়েছে। একই সঙ্গে তার চুক্তিতে অনেক বড় অঙ্কের অর্থ জড়িত। ক্লাব হিসেবে এই পরিস্থিতি কীভাবে সামলানো যায়, তা আমাদের বিবেচনা করতে হবে। আমার মনে হয়, এটি দায়িত্বশীল ও স্বাভাবিক সিদ্ধান্ত।’
মুসিয়ালার আগের পারফরম্যান্সে ফেরার সম্ভাবনা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রুমেনিগে। তার ভাষায়, ‘আমাদের ধারণা, আগের পর্যায়ে ফিরে যাওয়া তার জন্য কঠিন হবে। এ বিষয়ে তার এজেন্সির সঙ্গে কথা বলতে হবে। একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’
তবে মুসিয়ালাকে বিক্রি করা সহজ হবে না বলেও মনে করেন বায়ার্নের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে অন্য কোনো ক্লাব তাকে কিনতে চাইবে বলে আমার মনে হয় না। আমাদের আর্থিক বিষয়গুলোও বিবেচনা করতে হবে। আমরা চাই সে ফিরে আসুক এবং ভালো খেলুক। সেটি না হলে পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে হবে।’
গত আগস্টে কয়েক দিনের ব্যবধানে আরবি লাইপজিগ ও হাইডেনহাইমের বিপক্ষে ম্যাচে মাঠের মধ্যে দুবার জ্ঞান হারিয়ে পড়ে যান মুসিয়ালা। পরে তার শরীরে স্নায়বিক সমস্যার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসার মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও পুরোপুরি সারিয়ে তোলা যায় না বলে জানিয়েছিলেন বায়ার্নের সম্মানসূচক সভাপতি উলি হোয়েনেস।
এ ছাড়া ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে পা ভেঙে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ২৩ বছর বয়সী এই তারকা। এরপর হ্যামস্ট্রিংয়ের চোটেও ভুগেছেন তিনি। সব মিলিয়ে ধারাবাহিকভাবে মাঠে থাকা কঠিন হয়ে পড়েছে তার জন্য।
এ জাতীয় আরো খবর..