✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৮:৩২:১৮ |দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবসের শোভাযাত্রার উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রা নাইটিঙ্গেল ঘুরে মতিঝিল, দৈনিক বাংলা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও পল্টন মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহনে অনুষ্ঠিত এই শোভাযাত্রার নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।
শোভাযাত্রার উদ্বোধন করতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে।’
স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।’
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।’
শোভাযাত্রায় অংশ নেন চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা আবদুল কাদির ভূইয়া জুয়েল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক নেতা ফজলুর রহমান খোকন, রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের রবিউল ইসলাম নয়ন প্রমুখ।