✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-২১, | ১৮:১৮:০৬ |বরিশাল নগরীর দুটি বেসরকারি নার্সিং কলেজের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও সংহতি সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা।
শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নগরীর সিএন্ডবি রোডের একটি ভবনে মো. জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি দুটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে শিক্ষার্থীরা যৌথভাবে আন্দোলন করেন। ওই আন্দোলনে নেতৃত্ব দেন শিক্ষার্থী অন্তু বিশ্বাস। আন্দোলনের পর শিক্ষার্থীদের আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। তবে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জেরে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব বাতিল করা হয়েছে। একই সঙ্গে তার ওপর হামলার অভিযোগও তোলেন বক্তারা।
সমাবেশ থেকে অন্তু বিশ্বাসের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া ও হামলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ভূমিকা সরকার।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদ বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজয় শুভ, ছাত্র ইউনিয়নের বরিশাল জেলা সংসদের সদস্য সাজ্জাদুল ইসলাম রুদ্র, নার্সিং শিক্ষার্থী ফাহিম আহমেদ ও মো. নাঈমসহ অন্যরা।