✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৭:৪৪:৫১ |রাজধানীর সেগুনবাগিচায়শিল্পকলা একাডেমির দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় করা মামলায় মারজিয়া খন্দকার রিমির জামিন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সভাপতি আল নূর মোহাম্মদ আয়াসের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ সাদেকীন হাবীব বাপ্পী শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। আদালত রিমির পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।
গত ১১ অক্টোবর আদালত এই মামলায় আসামি সাকিবুল হাসান ও নূর মোহাম্মদ আয়াসের তিন দিন এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে শেষে তাদের কারাগারে পাঠান আদালত।
এর আগে মামলায় জানা যায়, গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন। আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন।
অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, ‘আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার-নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না।’ এ কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।
মামলায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাহবাগ থানায় রাষ্ট্র বিরুদ্ধ এ মামলাটি হয়।
উল্লখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানাপ্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়।