✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

জাতিসংঘের মহাসচিব হতে চান গ্রোসি, আপত্তি চীন-রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৬:৪৪:০৫ |

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে গ্রোসির ঘনিষ্ঠতা তার প্রার্থিতার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার সমর্থন পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিযোগিতায় সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে কোস্টারিকার রেবেকা গ্রিনস্পানের পর দ্বিতীয় হয়েছেন গ্রোসি। ৬৫ বছর বয়সী এই আর্জেন্টাইন কূটনীতিকের পক্ষে পড়েছে ৯টি উৎসাহমূলক এবং বিপক্ষে ৪টি নিরুৎসাহমূলক ভোট। এখনও আটজন প্রার্থী প্রতিযোগিতায় রয়েছেন।

২০১৯ সালে আইএইএ’র মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক সংকট মোকাবিলায় সক্রিয় ভূমিকার জন্য প্রশংসিত হয়েছেন গ্রোসি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর তিনি নিজে পরিদর্শক দল নিয়ে জাপোরিঝঝিয়া ও চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। যুদ্ধের মধ্যেও পারমাণবিক স্থাপনার মেরামতকাজ চালাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আটটি স্থানীয় যুদ্ধবিরতি কার্যকর করতে ভূমিকা রাখেন তিনি।

তবে তার সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনাও রয়েছে। বিশেষ করে ইরান তাকে পক্ষপাতদুষ্ট হিসেবে অভিযুক্ত করেছে। তেহরানের অভিযোগ, আইএইএর প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রভাবে একপেশে হয়ে পড়েছে।

জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে অন্তত ৯টির সমর্থন প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্স- এই পাঁচ স্থায়ী সদস্যের কোনও একটির ভেটো পাওয়া চলবে না। এরপর সাধারণ পরিষদের অনুমোদন নিতে হয়।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হওয়ায় গ্রোসির প্রতি বেইজিং ও মস্কোর আপত্তি থাকতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়া, অর্থায়ন কমানো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির ভূমিকা সংকুচিত করার পদক্ষেপ নিয়েছে। মিলেইও জাতিসংঘের কঠোর সমালোচক।

এদিকে জাতিসংঘের ৮১ বছরের ইতিহাসে প্রথম নারী মহাসচিব নিয়োগের দাবিও জোরালো হচ্ছে। ভৌগোলিক পর্যায়ক্রমের প্রচলিত রীতি অনুযায়ী এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব নির্বাচনের কথা। সেক্ষেত্রে নারী প্রার্থী রেবেকা গ্রিনস্পানের অবস্থান শক্তিশালী হতে পারে।

আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার কথা। ফলে নতুন মহাসচিব নির্বাচন নিয়ে কূটনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..