✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

তিস্তা মহাপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার প্রত্যাশায় লালমনিরহাটের লাখো মানুষ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৬:২৮:৩৫ |

প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর ঘিরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নতুন আশায় বুক বেঁধেছেন নদীপাড়ের লাখো মানুষ। আগামীকাল মণ্ডলেরহাটে একটি মডেল খাল উদ্বোধন করবেন তিনি। এ সফরে মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে এবার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। নদীভাঙন, শুষ্ক মৌসুমে পানির সংকট, বন্যা ও পলি-বালু জমে কৃষিজমি অনাবাদি হয়ে পড়ার মতো দীর্ঘদিনের সমস্যার সমাধানে এই মহাপরিকল্পনাকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন নদীপাড়ের মানুষ।

লালমনিরহাট সদর উপজেলার চর গোকুন্ডার কৃষক হাসেম আলী জানান, তার ১৬ বিঘা আবাদি জমির পুরোটাই তিস্তা নদীর বুকে বিলীন হয়েছে। নদীর বুকে চর উঠলে সেখানে কিছু জমিতে ফসল ফলানোর সুযোগ পান তিনি। কিন্তু সেচের পানির অভাবে অনেক সময় আশানুরূপ ফলন হয় না। শুষ্ক মৌসুমে তিস্তা প্রায় পানিশূন্য হয়ে পড়লে নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা দেয় ধু-ধু বালুচর। 

হাসেম আলীর আশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীর বুক থেকে তার ১০ থেকে ১২ বিঘা জমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এসব জমিতে স্থায়ীভাবে চাষাবাদ করতে পারবেন তিনি। এতে শুধু তার পরিবারের জীবিকাই নিশ্চিত হবে না, ফিরে আসবে হারানো কৃষিজমিও।

হাসেম আলী বলেন, ‘আমরা কয়েক বছর ধরে শুধু শুনছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, নদী ফিরে পাবে তার হারানো অতীত। কিন্তু আজ পর্যন্ত এর কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। বিভিন্ন সময়ে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এবার আমাদের এলাকায় আসছেন। আমরা আশা করছি, তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন। এটাই তিস্তাপাড়ের মানুষের দাবি।’

লালমনিরহাট সদর উপজেলার চর কালমাটি এলাকার কৃষক আব্দুল গনির জীবনেও তিস্তার ভাঙন রেখে গেছে গভীর ক্ষত। নদীভাঙনে তার বসতভিটা ও ২১ বিঘা আবাদি জমি বালুচরে পরিণত হয়েছে। সবকিছু হারিয়ে এখন সমতল এলাকার এক আত্মীয়ের একখণ্ড জমিতে ঘর তুলে বসবাস করছেন তিনি। বালুচরে তেমন ফসলও ফলাতে পারেন না। কোথাও পলি জমে কিছুটা উর্বরতা ফিরে এলে সেখানে সামান্য চাষাবাদ করেন।

আব্দুল গনি বলেন, ‘তিস্তাপাড়ের মানুষের কষ্ট সবাই বুঝতে পারেন না। যাদের বসতভিটা ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে, তারাই শুধু এই বেদনা অনুভব করতে পারবেন। প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি রোডম্যাপ ঘোষণা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’

কালীগঞ্জ উপজেলার চর শৈলমারী গ্রামের কৃষক আব্দুল আলিমের প্রত্যাশাও একই। তার মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ের মানুষ প্রায় একযুগ ধরে আন্দোলন করে আসছেন।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নতুন করে আন্তর্জাতিক মানের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, এ সমীক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পনা কমিশনে ২৩ কোটি টাকার একটি প্রস্তাব পাঠিয়েছে। মূল প্রকল্প বাস্তবায়নের আগে এর কারিগরি, অর্থনৈতিক ও পরিবেশগত যৌক্তিকতা বিস্তারিতভাবে মূল্যায়ন করাই এ সমীক্ষার উদ্দেশ্য। প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের মাধ্যমে তিস্তা নদীর পানিপ্রবাহ ও জলবিদ্যাগত বৈশিষ্ট্য, নদীর গতিপ্রকৃতি ও গঠনগত পরিবর্তন, পরিবেশগত প্রভাব এবং আর্থসামাজিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়নের সম্ভাব্যতা, প্রয়োজনীয় অবকাঠামো ও দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যাবে। শিগগিরই মাঠপর্যায়ে এই মূল্যায়ন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে দীর্ঘদিন ধরে মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসা সংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন সমীক্ষা বা আশ্বাসের মধ্যে যেন উদ্যোগটি সীমাবদ্ধ না থাকে। তারা চান, সরকার দ্রুত প্রকল্পের অর্থায়ন, বাস্তবায়নের সময়সীমা ও প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে কার্যকর পদক্ষেপ নিক।

‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’-এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংগঠনটি সরকারের কাছে ছয়টি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে— জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) মহাপরিকল্পনার বাজেট অনুমোদন, দ্রুত বাস্তবায়ন রোডম্যাপ ঘোষণা, তিস্তা কর্তৃপক্ষ গঠন, তিস্তা বন্ড চালু, নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ এবং তিস্তার সঙ্গে যুক্ত ২২টি শাখা নদী পুনরুজ্জীবিত করা।

তিনি বলেন, ‌‘প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তিস্তাপাড়ের হাজার হাজার মানুষ উপস্থিত থাকবেন। তাদের সবার প্রত্যাশা, এবার যেন শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের সুস্পষ্ট উদ্যোগের ঘোষণা আসে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতি শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চাই না, বাস্তবায়ন দেখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা, তিনি এবার মহাপরিকল্পনা বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..