✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

ক্ষমতা ধরে রাখতে মরিয়া নেতানিয়াহু, বিরোধীদের সরকার গঠনের তোড়জোড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪৮:২৮ |

ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নজিরবিহীন রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন। সাম্প্রতিক নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটের প্রতি নতুন পার্লামেন্টের ৬৭ সদস্য সমর্থন জানিয়েছেন। ফলে সরকার গঠনের জন্য সর্বোচ্চ ৪২ দিন সময় পাচ্ছেন আইজেনকোট। বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। 

বিশ্লেষকদের মতে, এই সময় নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। কারণ, ক্ষমতা হারালে শুধু রাজনৈতিক অবস্থান নয়, দুর্নীতির মামলায় তার ব্যক্তিগত ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। ২০২০ সালের মে মাস থেকে চলা তার দুর্নীতির বিচার এখন শেষ পর্যায়ে। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি। এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তার ক্ষমার আবেদনও কয়েক মাস ধরে ঝুলে রয়েছে।

আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ইতোমধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ও ইসরায়েলের নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব দিয়েছে। এসব উদ্যোগ নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও চাপে ফেলতে পারে।

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহু মূলত তিনটি কৌশল অবলম্বন করছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

প্রথমত, তিনি একটি ‘জাতীয় ঐক্যের সরকার’ গঠনের প্রস্তাব দিয়েছেন। তবে তার প্রস্তাবে ইহুদি রাষ্ট্রের সমর্থক দলগুলোকে অন্তর্ভুক্ত করার কথা বলা হলেও আরব দলগুলোকে বাদ দেওয়ার ইঙ্গিত রয়েছে। অন্যদিকে, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচের মতো কট্টর ডানপন্থী নেতাদের পাশাপাশি অ্যান্টি-জায়নিস্ট অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোকেও অন্তর্ভুক্ত করতে চান তিনি। প্রধানমন্ত্রী পদ ছাড়ার কিংবা মেয়াদ ভাগাভাগি করার কোনো ইচ্ছাও তার নেই। আইজেনকোট এই প্রস্তাবকে ‘আরেকটি রাজনৈতিক কৌশল’ বলে অভিহিত করেছেন। তবে তিনি লিকুদ পার্টির সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন।

দ্বিতীয় কৌশল হিসেবে আরব দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক প্রচারণা ও উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন নেতানিয়াহু। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে তিনি রা'আম ও জয়েন্ট লিস্টকে ‘সন্ত্রাসবাদের সমর্থক’ এবং ‘ইসরায়েলের শত্রু’ বলে আখ্যা দেন। এসব দলের সমর্থনে কোনো সরকার গঠন করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। এর মাধ্যমে আইজেনকোটের সম্ভাব্য আরব-সমর্থিত সরকার গঠনের পথ বন্ধ করা এবং অতি-রক্ষণশীল দলগুলোকে তার পক্ষ ত্যাগ থেকে বিরত রাখার চেষ্টা করছেন নেতানিয়াহু।

তবে এই প্রচারণার মধ্যেই নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এশেল আরব দলগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ উঠেছে। রা'আম নেতা মানসুর আব্বাসের দাবি, অভিযুক্ত কোনো রাজনীতিকের প্রধানমন্ত্রী হওয়ার পথ বন্ধে প্রস্তাবিত একটি বিল নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এশেল। জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমদ তিবিও এ বিষয়ে হোয়াটসঅ্যাপ বার্তা প্রকাশ করেছেন।

তৃতীয় কৌশল হিসেবে ইরানসহ মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরির চেষ্টা করছেন নেতানিয়াহু বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানে নতুন দফা হামলার জন্য চাপ দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের আশঙ্কা, ইরানকে উসকে দিয়ে নতুন যুদ্ধ শুরু হলে তা জরুরি সরকার গঠনের অজুহাত তৈরি করতে পারে এবং আইজেনকোটের সরকার গঠনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। তবে আইজেনকোটের সামরিক সূত্রগুলোর মতে, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর তাৎক্ষণিক প্রয়োজন নেই। ট্রাম্পও যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন।

এদিকে, আইজেনকোটের সামনে সরকার গঠনের পথও সহজ নয়। নির্বাচনী প্রচারে তিনি তিনটি প্রতিশ্রুতি দিয়েছিলেন—নেতানিয়াহুর সঙ্গে কোনো জোট নয়, অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট নয় এবং আরব দলগুলোর সঙ্গে জোট নয়। কিন্তু বর্তমান আসনবিন্যাসে তিনটি প্রতিশ্রুতি একসঙ্গে রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।

সরকার গঠনে তার সামনে তিনটি সম্ভাব্য পথ রয়েছে। প্রথমত, অতি-রক্ষণশীল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) দলের ১৩টি আসন নিয়ে সরকার গঠন। এতে আইজেনকটের জোটের ৪৮ আসনের সঙ্গে মোট আসনসংখ্যা দাঁড়াবে ৬১। তবে এসব দলের দাবি, তাদের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ থেকে অব্যাহতি দিতে হবে। আইজেনকোট অবশ্য সামরিক বাহিনীতে সবার দায়িত্ব পালনের বিষয়ে ছাড় দিতে রাজি নন।

দ্বিতীয় পথ হলো আরব দলগুলোর বাইরে থেকে সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গঠন। আইজেনকোট ও তার কয়েকজন মিত্র এ বিষয়ে আগ্রহী হলেও সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান এর বিরোধিতা করছেন। তিনি আরব দলগুলোর সমর্থন, সংখ্যালঘু সরকার কিংবা নতুন নির্বাচন কোনোটিতেই রাজি নন।

তৃতীয় সম্ভাবনা হলো নেতানিয়াহুকে বাদ দিয়ে লিকুদ পার্টির সঙ্গে জোট গঠন। তবে এখন পর্যন্ত দলটির কোনো আইনপ্রণেতা নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নেননি। আবার নেতানিয়াহুকে জোটে রেখে তাকে কূটনৈতিক দায়িত্ব দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে। তবে এমন ব্যবস্থা তার জন্য ক্ষমতায় ফেরার সুযোগ তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিরোধীরা।

আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে ইসরায়েলে আবারও নির্বাচন হতে পারে। ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে নেতানিয়াহু পাঁচবার নির্বাচন মোকাবিলা করেছেন। এবারও সরকার গঠন নিয়ে অচলাবস্থা তৈরি হলে ২০১৯ সালের পর সপ্তমবারের মতো নির্বাচনে যেতে হতে পারে দেশটিকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর কৌশল হলো আইজেনকোটের জোটের শরিকদের মধ্যে সামরিক নিয়োগ, আরব দলগুলোর সমর্থন ও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে বিরোধ তৈরি করে নির্ধারিত সময় পার করে দেওয়া। অন্যদিকে, আইজেনকোটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ৪২ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই যেকোনোভাবে সরকার গঠন করা।

ইসরায়েলের রাজনীতিতে এমন উত্তেজনা অতীতের ঘটনাও মনে করিয়ে দিচ্ছে। ১৯৯৫ সালের নভেম্বরে উসকানিমূলক রাজনৈতিক প্রচারণার পর তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিন আততায়ীর হাতে নিহত হন। সেই ঘটনার পর ইসরায়েলের ডানপন্থী রাজনীতির উত্থান ঘটে, যার নেতৃত্বে ছিলেন তরুণ নেতানিয়াহু।

এখন প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের নভেম্বর কি নেতানিয়াহুর দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটাবে, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণে আবারও ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন তিনি? 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..