✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

বল টেম্পারিং বিতর্কে মুখ খুলতে পারবেন সংশ্লিষ্টরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪৫:৪৪ |

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ দিতে একটি বিশেষ ফোরাম গঠনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডে শুরুর আগে বেলেরিভ ওভালে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জরুরি ভিত্তিতে দীর্ঘ সময় ধরে পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়।

গ্রিনবার্গ জানিয়েছেন, ২০১৮ সালের কেপটাউন টেস্টে অংশ নেওয়া ১১ জন খেলোয়াড়ের মধ্যে মাত্র আটজনের সাক্ষাৎকার নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে গোপনীয়তার স্বার্থে আগের তদন্ত নতুন করে শুরু করা হবে না কিংবা প্রতিবেদনও প্রকাশ করা হবে না।

গত সপ্তাহে প্রকাশিত নিজের আত্মজীবনী 'সবর'-এ বল টেম্পারিং কাণ্ড নিয়ে উসমান খাজার বেশ কিছু অভিযোগের পর নতুন এই ফোরাম গঠনের সিদ্ধান্ত এসেছে। খাজার অভিযোগের মধ্যে ছিল, কেপটাউন টেস্টের আগের পোর্ট এলিজাবেথ টেস্টেও বল ঘষতে শিরিষ কাগজ ব্যবহার করা হয়েছিল। পুরো দল বিষয়টি জানত বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া কেপটাউন টেস্ট চলাকালে ক্যামেরন ব্যানক্রফটের পাশেই সাজঘরে বসে থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রাথমিক তদন্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে অভিযোগ করেন খাজা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানান ডেভিড ওয়ার্নারও।

গ্রিনবার্গ বলেন, 'এই মুহূর্তে ক্রিকেট সত্যিই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এটি কারও জন্যই ভালো নয়। আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজতে হবে। ক্ষত কাটিয়ে উঠতে আমাদের কিছুটা সময় প্রয়োজন।'

নতুন ফোরামটি হবে গোপনীয়। ২০১৮ সালের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যে কেউ এখানে অংশ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পারবেন। তবে কাউকে অংশ নিতে বাধ্য করা হবে না। আগামী কয়েক দিনের মধ্যে একজন স্বাধীন ব্যক্তি নিয়োগ দেওয়া হবে। তিনি কিংস কাউন্সেলের সদস্য অথবা সাবেক কোনো বিচারপতি হতে পারেন। একই সঙ্গে ফোরামের কার্যপরিধিও নির্ধারণ করা হবে।

ফোরামে আলোচিত বিষয়গুলোর কোন অংশ জনসমক্ষে প্রকাশ করা হবে, সে সিদ্ধান্ত পরে নেবে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে এই প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা নেই।

ডেভিড বুন জানিয়েছেন, পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া এই ফোরামের উদ্দেশ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণের সুযোগ দিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়াই এর লক্ষ্য।

বুন বলেন, 'গত রাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদ সভায় বসেছিল। আমরা এমন একটি সিদ্ধান্তে পৌঁছেছি, যেটিকে ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে নেওয়া হয়েছে বলে মনে করি। বিস্তারিত আলোচনার পর আমরা ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দিতে একটি ফোরাম গঠনে সম্মত হয়েছি।'

তিনি আরও বলেন, 'প্রায় এক দশক ধরে ওই ঘটনার রেশ অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে আলোচনার অংশ হয়ে রয়েছে। অনেকের জন্যই এটি ছিল কঠিন একটি অধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে এ নিয়ে চলমান বিতর্ক আমাদের ক্রিকেটের জন্য মনোযোগ সরিয়ে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি, এবার এই বিতর্কের অবসান ঘটানোর মতো একটি উদ্যোগ নেওয়ার সময় এসেছে।'

'এই ফোরামের উদ্দেশ্য অতীতের ঘটনা নিয়ে নতুন করে বিচার-বিশ্লেষণ করা নয়। যারা নিজেদের কথা বলতে চান, তাদের জন্য একটি সম্মানজনক ও নিরাপদ পরিবেশ তৈরি করাই এর লক্ষ্য। তাদের কথা শোনা এবং অভিজ্ঞতা বোঝার সুযোগ করে দিতে চাই আমরা।'

বুন আরও বলেন, 'অস্ট্রেলিয়ার ক্রিকেট ঐক্যবদ্ধ থাকলেই সবচেয়ে শক্তিশালী হয়। যারা এই খেলাকে ভালোবাসেন, তাদের সবার স্বার্থে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও বাস্তবতার আলোকে একসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব।'

খাজা ও ওয়ার্নারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানিয়ে গ্রিনবার্গ বলেন, ফোরামের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোলা মনোভাব রাখতে হবে।

তিনি বলেন, 'এই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা নিজেদের বক্তব্য তুলে ধরতে চান, তাদের সবাইকে সেই সুযোগ দিতে আমরা একটি স্বাধীন ফোরাম গঠন করেছি। এটি একটি স্বাধীন ও নিরাপদ পরিবেশে সবার কথা শোনার সুযোগ। এটি নতুন করে তদন্ত নয়। কাউকে আবার বিচারের মুখোমুখি করা কিংবা শাস্তি দেওয়াও এর উদ্দেশ্য নয়।'

'কাউকে অংশ নিতে বাধ্য করা হবে না। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। মনে রাখতে হবে, আমরা সাড়ে আট বছর আগের ঘটনা নিয়ে কথা বলছি। আশা করি, সবাই এই প্রক্রিয়ার প্রতি সম্মান দেখাবেন।'

তবে এই উদ্যোগেই যে বিতর্কের অবসান ঘটবে, সে বিষয়ে নিশ্চিত নন গ্রিনবার্গ।

তিনি বলেন, 'দেখুন, এটিই যে শেষ পদক্ষেপ হবে, তা নিশ্চিত করে বলতে পারছি না। আমরা শুধু আমাদের বিবেচনায় যেটি সবচেয়ে ভালো, সেটিই করার চেষ্টা করছি। ক্রিকেটের স্বার্থে যথাসম্ভব সঠিক সিদ্ধান্ত নেওয়াই আমাদের লক্ষ্য।'

'একজনের ঘটনার বর্ণনার সঙ্গে অন্যজনের বর্ণনা মিলবে না, এটাই স্বাভাবিক। তাই নিখুঁত সত্য খুঁজে বের করার কোনো সুযোগ নেই, আমরা সেটির পেছনেও ছুটছি না। বরং প্রত্যেককে নিরাপদ পরিবেশে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ করে দিচ্ছি।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঘোষণার পর কায়ো স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কিছুটা সংশয় প্রকাশ করেছেন খাজা।

তিনি বলেন, 'আমি সব সময়ই এমন একটি নিরাপদ পরিবেশ চেয়েছি, যেখানে খোলামেলাভাবে কথা বলা যাবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আমার কিছু প্রশ্নও রয়েছে। কারণ, সেখানে কী ঘটেছিল, তা জনসাধারণ জানতে চায়। সবাই কথা না বললে পুরো সত্য জানা কঠিন।'

'আমার মনে হয় না, কাউকে আর শাস্তি দেওয়ার প্রয়োজন আছে। সিদ্ধান্ত নেবে পরিচালনা পর্ষদ। কিন্তু শেষ পর্যন্ত কী প্রকাশ করা হবে? টড গ্রিনবার্গের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তিনি যা করার চেষ্টা করছেন, সেটিকে আমি সম্মান করি। কিন্তু শেষ পর্যন্ত যদি প্রতিবেদন থেকে বেছে বেছে কিছু বক্তব্য প্রকাশ করা হয়, তাহলে পরিচালনা পর্ষদই ঠিক করবে কোন তথ্য আসবে আর কোনটি আসবে না। তাহলে কি আমরা আবার একই জায়গায় ফিরে যাচ্ছি? এ বিষয়টি নিয়েই আমার সংশয় রয়েছে।'

খাজার পাশে থাকা ওয়ার্নারও জানিয়েছেন, নতুন করে কাউকে শাস্তি দেওয়ার পক্ষে নন তিনি।

ওয়ার্নার বলেন, 'আমরা নিজেদের ভুল স্বীকার করেছি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের যে শাস্তি দিয়েছিল, তা মেনে নিয়েছি। বিষয়টি আর শাস্তির নয়। বরং স্বচ্ছতা ও জবাবদিহির। সে সময় খেলোয়াড় ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে যে সংস্কৃতি ছিল, সে বিষয়ে টডও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জবাবদিহির প্রয়োজনীয়তা স্বীকার করেছেন।'

খাজার আত্মজীবনীতে করা অভিযোগের পর গত শুক্রবার অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৬৮ মিনিটের দীর্ঘ সংবাদ সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া জানান। খাজার দাবিকে তিনি '১০০ শতাংশ ভুল' এবং 'সম্পূর্ণ ভিত্তিহীন' বলে অভিহিত করেন। এর আগে সপ্তাহের শুরুতে পেসার মিচেল স্টার্কও বল ঘষতে শিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে কোনো কিছু জানতেন না বলে দাবি করেন।

কামিন্স ও বোলারদের বক্তব্যের ধারাবাহিকতা তুলে ধরে গ্রিনবার্গ বলেন, 'কয়েক দিন আগে যা বলেছি, আজও সেটিই বলব। প্যাট ও বোলারদের বক্তব্যের ক্ষেত্রে একটি বিষয় খুব স্পষ্ট—তাদের বক্তব্য সব সময় একই রকম রয়েছে। ২০১৮ সালের কেপটাউন টেস্টের পরদিন প্যাট যা বলেছিল, কয়েক বছর পরও একই কথা বলেছে। গত সপ্তাহেও তার বক্তব্যে কোনো পরিবর্তন ছিল না। তাদের বক্তব্যের এই ধারাবাহিকতা খুবই স্পষ্ট।'

এদিকে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা পেসার চ্যাড সেয়ার্সও খাজার অভিযোগের পক্ষে কথা বলেছেন। কেপটাউন ঘটনার পর জোহানেসবার্গ টেস্টে অভিষেক হওয়া এই পেসার জানিয়েছেন, পোর্ট এলিজাবেথ টেস্টে বল ঘষতে শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি তিনি জানতেন। ব্যানক্রফট বল ঘষার পর মাঠের বাইরে সেই শিরিষ কাগজ বহন করেছিলেন বলেও দাবি করেন তিনি।

পুরো দলই বিষয়টি জানত বলে বিশ্বাস করেন সেয়ার্স। পাশাপাশি কেপটাউন টেস্টের ঘটনার পর সাজঘরে প্রায় ৭০ মিনিটের একটি বৈঠক হয়েছিল বলেও খাজার বক্তব্যের সঙ্গে একমত তিনি। ওই বৈঠকে ঘটনার দায় সম্মিলিতভাবে নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে জানান সেয়ার্স।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..