✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪৩:৫৯ |ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে, ভোর ৬টার দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে নৌদুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় বেশ কিছু যানবাহন সড়কে আটকা পড়ে। ফলে শীতের তীব্রতার মধ্যে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৮টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে এবং ঘাট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।