✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪৩:১৫ |এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। রুলে সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনায় বলা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক জারিকৃত নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশের কথা রয়েছে।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৭ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে অনেক শিক্ষার্থী সেই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। এ পরিস্থিতিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এদিকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা ২০২৭ সালের ১৬ জানুয়ারি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া মেডিকেল ও ডেন্টাল কলেজসহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও আগামী ডিসেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে হাইকোর্টের আজকের আদেশের ফলে পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজন করা যাবে না।