✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৪০:৫৪ |রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক পরপর তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ভবনের নিচতলায় আগুন ধরে গেলেও নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, রাত দেড়টার দিকে একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি কার্যালয়টি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রলবোমা ছোড়ে। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। বোমা নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গ্রামীণ ব্যাংকের রাজশাহী জোনের প্রধান আ ক ম শামসুদ্দোহা বলেন, রাত দেড়টার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছুড়ে পালিয়ে যায়। বোমাগুলো ভবনের নিচতলার জানালার পাশে পড়ে আগুন ধরে যায়। তবে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা দ্রুত বিষয়টি টের পেয়ে আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আজ বুধবার নগরের শাহ মখদুম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে এ ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গ্রামীণ ব্যাংক কার্যালয় পরিদর্শন করেছেন নগরীর শাহ মখদুম থানার ওসি আকবর আলী।
তিনি জানান, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।
উল্লেখ্য, বনলতা আবাসিক এলাকার ওই ভবনটিতে গ্রামীণ ব্যাংকের রাজশাহী জোনাল কার্যালয়ের পাশাপাশি এরিয়া ও অডিট অফিসের কার্যক্রম পরিচালিত হয়।