✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার গোপন নেটওয়ার্ক অচল, সাইবার হামলার প্রমাণ নেই

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১৩:৩৯:৩৭ |

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। সফটওয়্যার আপডেটের সময় সৃষ্ট ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে বলে জানিয়েছেন দেশটির গোয়েন্দা কর্মকর্তারা। তবে এ ঘটনায় কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার নেটওয়ার্কটি অচল হয়ে পড়ার পর মেরিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত এনএসএর সদর দপ্তরে কর্মীদের উপস্থিতি সীমিত করা হয়। প্রথমে কর্মীদের ধাপে ধাপে অফিসে আসার নির্দেশ দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে জানিয়ে সবাইকে কাজে ফেরার কথা বলা হলেও মঙ্গলবার রাতে আবারও অধিকাংশ কর্মীর জন্য দপ্তর বন্ধ ঘোষণা করা হয়। আপাতত শুধু জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এনএসএর ছয়টি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নেটওয়ার্ক পুনরায় সচল করার কাজ চললেও তা পুরোপুরি সম্পন্ন হয়নি।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় সাময়িকভাবে তাদের কিছু অভ্যন্তরীণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। তবে জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রয়েছে এবং দেশের নিরাপত্তা রক্ষায় সংস্থাটির সক্ষমতা অক্ষুণ্ন রয়েছে। নেটওয়ার্কে একাধিক বিকল্প ব্যবস্থা থাকায় এ ধরনের পরিস্থিতিতেও কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব বলে জানিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন জানান, গত মাসে শনাক্ত হওয়া বড় ধরনের সফটওয়্যার দুর্বলতা দূর করতে এনএসএ একটি সফটওয়্যার প্যাচ প্রয়োগ করেছিল। কিন্তু আপডেটের পর কিছু সিস্টেম প্রত্যাশা অনুযায়ী পুনরায় চালু হয়নি। এর ফলেই নেটওয়ার্কে এই বিপর্যয় ঘটেছে।

তিনি জানান, সমস্যাটি পিএইচপি প্রোগ্রামিং ভাষার কয়েকটি নিরাপত্তা ত্রুটির সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত এই ভাষার দুর্বলতাগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে অনুপ্রবেশ এবং পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে গবেষকেরা এসব দুর্বলতা কাজে লাগানোর পদ্ধতি শনাক্ত করার পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান দ্রুত নিরাপত্তা প্যাচ প্রয়োগ শুরু করে।

এদিকে, এনএসএর নেটওয়ার্ক অচল থাকলেও এশিয়া সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠাতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাঁদের মতে, বিকল্প নিরাপদ যোগাযোগব্যবস্থা থাকায় প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা সম্ভব।

এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত ‘ফাইভ আইজ’ গোয়েন্দা তথ্য বিনিময় ব্যবস্থাতেও এ বিপর্যয়ের কোনো প্রভাব পড়েনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে এনএসএর মতো গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কে এমন বিপর্যয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অবকাঠামোর নির্ভরযোগ্যতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে দেশটির বিমান চলাচল, মাইক্রোসফটের বিভিন্ন সেবা এবং ব্যাংকিং ব্যবস্থায়ও বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা গেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টা সব ফ্লাইট বন্ধ রাখতে হয়েছিল। পরে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) আরকানসাসের একটি রাউটারের ত্রুটিকে এর কারণ হিসেবে শনাক্ত করে।

উল্লেখ্য, এনএসএর অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কে এর আগেও বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। ২০০০ সালে প্রযুক্তিগত ত্রুটির কারণে সংস্থাটির কম্পিউটার ব্যবস্থা প্রায় তিন দিন অচল ছিল। এতে গোয়েন্দা তথ্য প্রক্রিয়াকরণ কার্যক্রমও ব্যাহত হয়েছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..