✕

সর্বশেষ :
ব্যাটিং বিপর্যয়ে ৫৭ রানে পিছিয়ে থেকে দিনের খেলা শেষ করল বাংলাদেশ ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে' ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ, বাংলাদেশ-রাশিয়ার জন্য ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি মানবতাবিরোধী অপরাধ : জাহাংগীর-ধনঞ্জয়ের বিচার শুরু নিয়ে আদেশ ২ ডিসেম্বর কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ' ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হবে সরকার' বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্পখাতে যুক্ত করা সরকারের বড় কর্মসূচি: অর্থমন্ত্রী মেট্রোরেলের বিভিন্ন রুটের কাজ দ্রুত শেষ করবে সরকার

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি আক্রমণ, কুয়েতে ড্রোন হামলা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৮, | ১১:৪১:০৫ |

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে এবার ড্রোন হামলার শিকার হয়েছে উপসাগরীয় দেশ কুয়েত।

মঙ্গলবার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশসীমায় শত্রুপক্ষের ড্রোন হামলা হয়েছে। তবে হামলার উৎস, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরার এক প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সামরিক বাহিনী জানায়, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার কার্যক্রমের ফল। একই সঙ্গে জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে অবস্থিত দ্বীপটিতে মঙ্গলবার সন্ধ্যায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানান, কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আল-জাজিরাকে জানিয়েছেন, ইরানের বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে আঘাত হেনেছে মার্কিন বাহিনী। 

এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে শেখ ইসা বিমানঘাঁটিতে পরিচালিত মার্কিন নিয়ন্ত্রিত রাডারব্যবস্থায় ‘নির্ভুল অভিযান’ চালানো হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমানঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থা লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সেনাসদস্যের ক্ষতি হয়নি। বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলাটি প্রতিহত করেছে। এ সময় রাজধানী মানামার আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

গত পাঁচ দিনের মধ্যে এটি বাহরাইনে ইরানের তৃতীয় ড্রোন হামলা। কয়েক সপ্তাহের বিরতির পর গত শুক্রবার উপসাগরীয় কোনো দেশে প্রথম হামলা চালায় তেহরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে বাহরাইনের একটি আদালত ৬৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটে।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মঙ্গলবার প্রণালিটি অতিক্রমের চেষ্টা করার সময় তিনটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি, প্রণালির প্রধান নৌপথ থেকে মাইন সরিয়ে ফেলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তেহরানের দাবি, জাহাজগুলোকে তাদের অনুমোদিত পথ ব্যবহার করতে হবে। জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পাশাপাশি ট্যাংকার পাহারা দিয়ে চলাচল নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র।

সোমবার ওমানের উপকূলেও দুটি ট্যাংকার হামলার শিকার হয়েছে। পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের একটি ট্যাংকার খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে হামলার পর ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। প্রথমে জাহাজটির ২৫ জন নাবিক নিরাপদে রয়েছেন বলে জানানো হলেও দ্বিতীয় দফা হামলার পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর দেয় যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা।

ভারতের বন্দরমন্ত্রী পরে জানান, দ্বিতীয় হামলার পর নাবিকেরা জাহাজটি ছেড়ে যান এবং একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। এ ছাড়া ওমানের উপকূলে ‘অন ফিনিক্স’ নামের আরেকটি পানামার পতাকাবাহী ট্যাংকারও অজ্ঞাত কোনো বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে সামুদ্রিক নিরাপত্তা ও কূটনৈতিক সমাধানের পথ নিয়ে ওমানের রাজধানী মাসকাটে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।

অন্যদিকে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

এদিকে আগামী বৃহস্পতিবার চীনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আলোচ্যসূচিতে ইরান যুদ্ধও থাকবে বলে জানা গেছে।

সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, তেলবাহী জাহাজে আক্রমণ এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে অস্থিরতা বাড়ছে। একই সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো কার্যকর শান্তিচুক্তি না হওয়ায় সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কাও বাড়ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..