✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৮:০১:৩৩ |ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আবু ধাবিতে সম্প্রতি অনুষ্ঠিত শান্তি আলোচনায় ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেনের পূর্ব দিকের দোনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তিনি সাংবাদিকদের জানান, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে এবং পশ্চিমা দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি বিষয়টি নিয়ে দেশের জনগণের মতামত চাইবেন।
জেলেনস্কি বলেন, আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল; ‘ইউক্রেন ন্যাটোতে যোগ দিলে কি দোনবাস ছেড়ে দেবে? এই প্রথমবার এমন কোনো প্রশ্ন তোলা হলো।’ তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে নিশ্চিত হওয়ার পর তিনি ইউক্রেনের সমাজকে জিজ্ঞাসা করবেন যে, তারা এই প্রস্তাব মেনে নেবে কি না। তিনি বলেন, এ বিষয়ে নিজে একা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই।
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত মঙ্গলবার দীর্ঘ ৯ মাস পর রাশিয়া ও ইউক্রেন প্রথমবারের মতো আলোচনায় বসে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠককে ‘অত্যন্ত ফলপ্রসূ’ এবং জেলেনস্কি এটাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করেছেন। তবে লড়াই কমার কোনো লক্ষণ নেই এবং সম্মুখ সমরে দুই দেশের সেনাবাহিনী প্রায় অচল অবস্থায় রয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পুনরায় শান্তি আলোচনা শুরু করার পূর্বশর্ত হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের নিরাপত্তা কাঠামোর একটি মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছেন। পুতিন চান ইউক্রেন এমন চারটি অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করুক, যেগুলো মস্কো ২০২২ সালের সেপ্টেম্বরে অধিভুক্ত করেছিল কিন্তু পুরোপুরি দখল করতে পারেনি। পাশাপাশি ইউক্রেন যেন ন্যাটোতে যোগ না দেয় এবং তাদের সামরিক বাহিনীর ওপর কঠোর বিধিনিষেধ মেনে নেয়, এমন দাবিও করেছেন তিনি।
অন্যদিকে জেলেনস্কি পুতিনের স্বেচ্ছায় ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইউক্রেনের সামরিক বা অন্য যেকোনো চুক্তিতে কোনো বিধিনিষেধ মানতেও অস্বীকৃতি জানিয়েছেন। জেলেনস্কি সতর্ক করে বলেন, ক্রেমলিন ইউরোপের নিরাপত্তা কাঠামো পরিবর্তনের যে চেষ্টা করছে, তা আরও যুদ্ধের জন্ম দিতে পারে। তিনি বলেন, ‘ইউরোপে প্রকৃত নিরাপত্তা মানেই হলো ইইউ এবং ন্যাটো। এর বাইরে ইউরোপে আর কোনো নিরাপত্তা নেই।’