✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

শুধু ফুসফুসেই নয়, হৃদপিণ্ড ও মস্তিষ্কেও প্রভাব ফেলে বায়ুদূষণ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:৩৪:৩৩ |

বায়ুদূষণ শুধুমাত্র পরিবেশগত সমস্যাই নয় আমাদের স্বাস্থ্যের উপরও তা গুরুতর প্রভাব ফেলে। দূষণের কারণে বায়ুর গুণমান খারাপ হলে ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্ক-সহ শরীরের অন্যান্য অঙ্গকে প্রভাবিত করতে পারে।

দূষণের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস ও হৃৎপিণ্ড।

দূষিত বায়ুতে উপস্থিত পিএম ২.৫ কণাগুলো এতটাই ক্ষুদ্র যে নাক ও ঊর্ধ্ব শ্বাসনালীর স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে সেগুলো ফুসফুসের অ্যালভিওলাইতে পৌঁছাতে পারে।

অ্যালভিওলাই ফুসফুসে শ্বসনতন্ত্রের একেবারে শেষ প্রান্তে অবস্থিত আণুবীক্ষণিক, পেয়ালা-আকৃতির বায়ুথলি। আর পিএম ২.৫ বলতে অতি সূক্ষ্ম কণা পদার্থকে বোঝায় যার ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম। এটা বায়ুবাহিত কঠিন কণা বা তরল ফোঁটা- দুই-ই হতে পারে। এই আণুবীক্ষণিক কণা এবং বাতাসে উপস্থিত রাসায়নিক উপাদানগুলো রক্তের সঙ্গে মিশে শরীরের অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করতে পারে।

এই বিষয়ে বিশদে জানতে আমরা কথা বলেছিলাম পালমোনোলজিস্ট বা ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকার সঙ্গে।

ফুসফুস, হৃৎপিণ্ড ও মস্তিষ্কের উপর বায়ু দূষণের প্রভাব

ফুসফুসের ক্ষতি - বায়ু দূষণের ফলে ফুসফুসের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন এই চিকিৎসক। তিনি ব্যাখ্যা করেছেন বায়ু দূষণের কারণে শ্বাসনালীতে মারাত্মক প্রদাহ হতে পারে। এর ফলে শ্বাসনালীর পেশী সংকুচিত হয়ে যেতে পারে যাকে ব্রঙ্কোস্পাজম বলে। পাশাপাশি, শ্বাস নেওয়ার সময় কষ্ট অনুভব হতে পারে এবং তার সঙ্গে শিস দেওয়ার মতো শব্দ বা হুইজিংও দেখা যেতে পারে।

যাদের আগে থেকেই হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) আছে, তাদের ক্ষেত্রে এই রোগগুলোর তীব্রতা বাড়তে পারে।

হার্টের উপর প্রভাব - হৃৎপিণ্ডের উপরও প্রভাব ফেলে বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে হৃৎস্পন্দন এবং রক্তচাপে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে জানিয়েছেন ডা. মালবিকা। রক্তনালী স্ফীত হতে পারে।

অক্সিডেটিভ স্ট্রেসও বাড়তে পারে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এবং অ্যান্টি-অক্সিডেন্টের মাধ্যমে সেগুলোকে প্রশমিত করার সক্ষমতার মধ্যে যখন ভারসাম্য থাকে না তখন অক্সিডেটিভ স্ট্রেস দেখা দেয়। এর ফলে কোষ ও কলার ক্ষতির আশঙ্কা থাকে।

রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হলো রাসায়নিকভাবে সক্রিয় অণু এবং আণবিক অক্সিজেন থেকে উদ্ভূত ফ্রি র‍্যাডিকল বা মুক্ত মূলক। মাইটোকন্ড্রিয়ায় দেহের কোষ যখন অক্সিজেনকে শক্তিতে রূপান্তরিত করে, তখন অল্প পরিমাণে অক্সিজেন আংশিকভাবে বিজারিত হয়ে এই সক্রিয় অন্তর্বর্তী যৌগগুলো তৈরি করে।

বিশেষজ্ঞের মতে, বায়ু দূষণের ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকিও বাড়তে পারে।

মস্তিষ্কের ক্ষতি - মারাত্মক বায়ু দূষণের সংস্পর্শে রক্তনালী ক্ষতিগ্রস্ত হতে পারে, যা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তোলে।

কী কী লক্ষণ দেখা যায়?

ডা. মালবিকা ব্যাখ্যা করেছেন যে বায়ু দূষণের প্রথম এবং সবচেয়ে সরাসরি প্রভাব পড়ে আমাদের শ্বাসতন্ত্রের ওপর।

তার মতে, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবের ফলে যে সমস্ত লক্ষণ দেখা যায় সেগুলো হলো-

-চোখে জ্বালা অনুভব করা
-গলা ব্যথা, গলায় ফোলা-ভাব অনুভূত হওয়া
-দীর্ঘস্থায়ী কাশি
-চাপ অনুভব করা
-শ্বাস নেওয়ার সময় শিস দেওয়ার মতো শব্দ হওয়া
-শ্বাসকষ্ট অনুভব হওয়া
-মাথাব্যথা

বিশেষজ্ঞের কথায়, "যাদের আগে থেকেই হাঁপানি রয়েছে, তাদের হঠাৎই হাঁপানির অ্যাটাক হতে পারে। ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি-তে আক্রান্ত ব্যক্তিদের কাশি, কফ এবং শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে।"

দীর্ঘ সময় দূষিত বাতাসের সংস্পর্শে থাকলে কী হয়?

রেসপিরেটরি ডিজিজ বা শ্বাসতন্ত্রের রোগ এবং হৃদরোগের ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ হলো বায়ু দূষণ। ফুসফুস বিশেষজ্ঞ ডা. মালবিকা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে বায়ুবাহিত সূক্ষ্ম কণা, বিশেষত পিএম ২.৫-এর সংস্পর্শে থাকলে তা ফুসফুসের স্বাভাবিক কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।

হাঁপানির সমস্যা থাকলে- বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ শ্বাসনালীর প্রদাহকে বাড়িয়ে তুলতে পারে। এর ফলে ঘন ঘন হাঁপানির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। আগে থেকে হাঁপানির সমস্যার সঙ্গে যোঝা ব্যক্তির ক্ষেত্রে রোগ নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যেতে পারে।

সিওপিডির রোগীর ক্ষেত্রে - ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ-এ তে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ সময় ধরে দূষিত বায়ুর সংস্পর্শে থাকলে এই রোগ ধীরে ধীরে আরো মারাত্মক রূপ ধারণ করতে পারে। বিশেষত ধূমপান, জৈব জ্বালানির ধোঁয়া বা কর্মক্ষেত্রে ক্রমাগত ধূলিকণার সংস্পর্শে এলে এই ঝুঁকি আরো বাড়তে পারে।

যাদের আগে থেকেই সিওপিডি আছে, তাদের অবস্থার অবনতি হতে পারে। এমনকী হাসপাতালেও ভর্তি করতে হতে পারে।

ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি: দূষিত বাতাসে পিএম ২.৫ কণার উপস্থিতি ফুসফুসের ক্যান্সারের বড় কারণ হতে পারে। ধূমপানই যে ফুসফুসের ক্যান্সারের একমাত্র কারণ তা মনে করলে ভুল হবে। বায়ু দূষণও ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে।

কার্ডিওভাসকুলার ডিজিজ: বায়ু দূষণ শুধুমাত্র ফুসফুসই নয়, হৃৎপিণ্ড এবং রক্তনালীর উপরেও ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। দূষিত বাতাসের দীর্ঘস্থায়ী এক্সপোজার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

"যদি কোনো ব্যক্তি ক্রমাগত দূষিত বায়ুর সংস্পর্শে আসেন, তাহলে তার কাশি এবং কফের সমস্যা দেখা দিতে পারে। কায়িক পরিশ্রম বা ব্যায়াম করলে ক্লান্তি অনুভব করতে পারেন।"

"ঘন ঘন শ্বাসনালীতে সংক্রমণ দেখা দিতে পারে। হাঁপানির সমস্যা নিয়ন্ত্রণ করতে সমস্যা দেখা দিতে পারে, এবং ধীরে ধীরে শ্বাসজনিত কষ্ট আরো বাড়ার মতো বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে," বলেছেন ডা. মালবিকা।

প্রশ্নের উত্তরে ডা. মালবিকা বলেছেন, "এটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বেশিরভাগ ব্যক্তির ক্ষেত্রে ফুসফুসে যে হালকা ফোলাভাব এবং প্রদাহ ঘটে সেটা অস্থায়ী। একবার বায়ু দূষণের সংস্পর্শে আসা বন্ধ হয়ে গেলে এর প্রভাব হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।"

"তবে আগে থেকেই ফুসফুসের রোগে আক্রান্ত ব্যক্তিদের গুরুতর এবং স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে।"

ফুসফুসের ক্ষতির সম্পূর্ণ নিরাময় সম্ভব?

নিরাময়ের জন্য আমাদের ফুসফুসের কিছু নিজস্ব ক্ষমতা রয়েছে। বায়ু দূষণের সংস্পর্শে আসার কারণে মৃদু ফোলাভাব, প্রদাহ এবং অস্থায়ী ব্রঙ্কোস্পাজম নিরাময় করা সম্ভব। দূষিত বাতাসের সংস্পর্শে আসা কমলে অবস্থার কিছুটা উন্নতি ঘটতে পারে।

তবে ফুসফুসের ক্ষতি কতটা মেরামত করা যেতে পারে তা মূলত তিনটে জিনিসের উপর নির্ভর করে:

আগে থেকে হাঁপানি, দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বা হৃদরোগ রয়েছে কি না?

সেরে উঠতে কত সময় লাগে?

ডা. মালবিকার মতে, নিউমোনিয়ার প্রভাব বেশী মাত্রায় না হলে সম্পূর্ণ নিরাময় সম্ভব।

তার কথায়, "শ্বাসনালীর অস্থায়ী ফোলাভাব প্রায়ই কমানো সম্ভব। হাঁপানি রোগীদের ক্ষেত্রে, উপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগের আকস্মিক তীব্রতাও নিয়ন্ত্রণ করা যায়।"

"তবে, ফুসফুসের গুরুতর ক্ষতি বা ফুসফুসের টিস্যুতে ক্ষত (ফাইব্রোসিস) হলে সেটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।"

প্রভাবিতদের চিকিৎসা

বায়ু দূষণের প্রভাবের ক্ষেত্রে রোগীর লক্ষণ এবং রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসা করা হয়। বিশেষজ্ঞের মতে শ্বাসনালী সংকীর্ণ হয়ে গেলে ব্রঙ্কোডাইলেটর দেওয়া যেতে পারে। শ্বাসনালী প্রসারিত করার করার জন্য এই ওষুধ দেওয়া হয়।

রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকলে অক্সিজেন থেরাপি দেওয়া যেতে পারে। রোগের তীব্রতা বা রোগের লক্ষণ বৃদ্ধি পেলে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়।

কায়িকশ্রম বা ব্যায়াম করলে ক্রমাগত অসুবিধার সম্মুখীন হলে পালমোনারি রিহ্যাবিলিটেশন অর্থাৎ ফুসফুসের কার্যকারিতা উন্নত করার চিকিৎসা দেওয়া যেতে পারে।

এর পাশাপাশি হার্ট সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে তারও চিকিৎসা করা হয়।

এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দূষণের সংস্পর্শে আসার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, নেবুলাইজেশন - ইত্যাদির প্রয়োজন নেই। রোগীর উপসর্গ ও মেডিকেল টেস্টের ফলাফলের উপর নির্ভর করে প্রয়োজনীয় চিকিৎসাই যথেষ্ট।

কখন হাসপাতালে যাওয়া উচিত?

দূষিত বাতাসের সংস্পর্শে আসার পরে যদি আপনার নিম্নলিখিত লক্ষণ দেখা যায় তাহলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত-

-শ্বাসকষ্ট হওয়া
-শ্বাস নিতে এতটাই কষ্ট হওয়া যে সম্পূর্ণ বাক্য শেষ করতে না পারা
-বুকে ব্যথা অনুভব হওয়া
-মাথা থিমঝিম করা, মাথা ঘোরা, সংজ্ঞা হারানো
-শ্বাস নেওয়ার সময় শিস দেওয়ার মতো শব্দ হওয়া
-চিকিৎসকের দেওয়া ওষুধ খেয়েও উপসর্গ কম না হওয়া
-রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..