✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:৩২:৪১ |লিওনেল মেসির বিদায়ের পর নতুন করে পথচলা শুরু করেছে আর্জেন্টিনা। সেই পথে প্রথম ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে হারতে হয়েছে আলবিসেলেস্তেদের। ঘরের মাঠে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এক হারেই তরুণদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। বরং নতুনদের সময় দিতে চান তিনি।
আর্জেন্টাইন কোচের বিশ্বাস, ধীরে ধীরে নিজেদের জায়গা তৈরি করে নেবেন তরুণরা। উরুগুয়ের বিপক্ষে হারলেও দ্বিতীয়ার্ধে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট স্কালোনি।
তিনি বলেন, ‘দলের কাছের কিছু ভালো মুহূর্ত পেয়েছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। অবশ্যই কিছু জায়গায় সংশোধন করতে হবে। আমরা জানতাম, প্রতিপক্ষ কঠিন হবে। আমাদের কাজ হলো অনুশীলন চালিয়ে যাওয়া। ’
মেসির অনুপস্থিতিতে দলের দায়িত্ব এখন অনেকটাই নতুনদের কাঁধে। তবে তাদের ওপর অতিরিক্ত চাপ দিতে চান না স্কালোনি। তিনি বলেন, ‘ওরা তরুণ। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা আশা করতে পারি না যে ওরা একাই পুরো দলকে কাঁধে তুলে নেবে। ওরা নিজেদের সর্বোচ্চটা দেবে। কিন্তু বড় প্রতিপক্ষের বিপক্ষে কাজটা কঠিন।’
তরুণদের জাতীয় দলের জার্সিতে অভ্যস্ত হওয়ার সুযোগ দিতে চান স্কালোনি। তার ভাষায়, ‘এই জার্সিতে খেলার সঙ্গে ওদের মানিয়ে নেওয়ার সুযোগ দিতে চাই। দলকে সব সময় অস্থির অবস্থায় রাখতে চাই না। ওদের কিছুটা স্থিতিশীলতা দিতে হবে।’
২-০ গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সন্তুষ্ট স্কালোনি। গোলরক্ষক জেরোনিমো রুলির পাশেও দাঁড়িয়েছেন তিনি। আর্জেন্টিনার কোচ বলেছেন, ‘রুলি নির্ভরযোগ্য। গোলগুলোর জন্য সে দায়ী নয়।’
আগামী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে একাদশে পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন স্কালোনি।