✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:২৭:০০ |

দীর্ঘ ২৬ বছর পর হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে টিকাদানের হার কমে যাওয়া এবং সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের স্বাধীন বিশেষজ্ঞ কমিশন।

শুক্রবার ওই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে ব্যাপক টিকাদানের সাফল্যে যুক্তরাষ্ট্রকে হাম নির্মূলকারী দেশ হিসেবে ঘোষণা করা হয়েছিল। এর অর্থ ছিল, দেশটিতে রোগটির নিয়মিত সংক্রমণ বন্ধ হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিকা গ্রহণের হার কমে যাওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে ২০২৫ ও ২০২৬ সালে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বড় ধরনের হামের প্রাদুর্ভাব দেখা দেয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর (২০২৬ সাল) যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০টির বেশি হামের ঘটনা শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। আক্রান্তদের মধ্যে অধিকাংশই হাম, মাম্পস ও রুবেলা (এমএমআর) টিকা নেননি অথবা তাঁদের টিকাদানের তথ্য অজানা। প্রতি ৯ জন আক্রান্তের মধ্যে প্রায় একজনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যের তথ্য অনুযায়ী, হামে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, উটাহসহ কয়েকটি অঙ্গরাজ্যে একই ধরনের হামের ভাইরাস এক বছরের বেশি সময় ধরে ছড়িয়ে পড়েছে। কোনো দেশে একই ভাইরাসের সংক্রমণ অন্তত এক বছর ধরে চলতে থাকলে সেটিকে স্থানীয়ভাবে নিয়মিত সংক্রমণ বা এন্ডেমিক হিসেবে বিবেচনা করা হয়। এ ধরনের সংক্রমণের জেনেটিক বিশ্লেষণের ভিত্তিতেই যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হাম অত্যন্ত সংক্রামক একটি ভাইরাসজনিত রোগ। একজন আক্রান্ত ব্যক্তির মাধ্যমে গড়ে ১২ থেকে ১৮ জন সংক্রমিত হতে পারেন। এটি বাতাসের মাধ্যমে ছড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত হলে নিউমোনিয়া, ডায়রিয়া ও গুরুতর স্নায়বিক জটিলতা দেখা দিতে পারে। এমনকি সংক্রমণের কয়েক বছর পরও প্রাণঘাতী জটিলতা তৈরি হতে পারে।

চিকিৎসকদের মতে, দুই ডোজ এমএমআর টিকা নিলে হাম আক্রান্ত হওয়ার ঝুঁকি ৯৭ শতাংশ কমে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদানের হার বাড়ানো অত্যন্ত জরুরি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা হারানো দেশটির জনস্বাস্থ্য ব্যবস্থার জন্য বড় ধাক্কা। টিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং সংক্রমণের বিস্তার বন্ধ করতে পারলেই দেশটি আবারও এই মর্যাদা ফিরে পেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই লক্ষ্য অর্জন সহজ হবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..