✕

সর্বশেষ :
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের চার বছরে ছয়টি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় আইসিসি ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত দোনবাস ছাড়লে ন্যাটো সদস্যপদ? যুক্তরাষ্ট্রের প্রস্তাবের তথ্য জানালেন জেলেনস্কি রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের

স্যান্ডপেপারগেট ইস্যুতে বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করালেন ওয়ার্নার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১১-১৪, | ১৪:০২:২৩ |

সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার দক্ষিণ আফ্রিকা সফরে আলোচিত ‘স্যান্ডপেপারগেট’ বিতর্ককে পুনরায় সামনে নিয়ে এসেছেন। সেই ঘটনায় দেশটির ক্রিকেট বোর্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে তিনি গুরুতর প্রশ্ন তুলেছেন। সম্প্রতি প্রকাশিত নিজের জীবনীগ্রন্থ ‘সবর’-এ উসমান খাজা নতুন কিছু দাবি করেছেন।

তিনি লিখেছেন, কেপটাউনে প্রোটিয়াদের বিপক্ষে বলের ওপর স্যান্ডপেপার (কাগজ সদৃশ ঘষার বস্তু) ব্যবহারের পরিকল্পনার কথা পুরো অস্ট্রেলিয়া দলেরই জানা ছিল। এই দাবির পর ২০১৮ সালের সেই বিতর্কিত ঘটনাটি আবারও শিরোনামে উঠে এসেছে।

বল টেম্পারিংয়ের এই ঘটনা অজির দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। ডেভিড ওয়ার্নার ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, নিয়ন্ত্রক সংস্থাটি হয়তো কিছু খেলোয়াড়কে আড়াল করার চেষ্টা করেছে এবং অন্যদের ওপর দোষ চাপিয়ে দিয়েছে।

ওয়ার্নার তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, ২০১৮ সালের তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি।
তিনি প্রশ্ন রেখেছেন, বোলারদের যদি ঠিকমতো জিজ্ঞাসাবাদই করা না হয়ে থাকে, তবে বোর্ড কীভাবে নিশ্চিতভাবে বলতে পারে বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে তাদের কোনো ধারণাই ছিল না?

সাবেক এই ওপেনার আরও ইঙ্গিত দিয়েছেন, এই ঘটনার দায় কার ওপর বর্তাবে তা ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ঠিক করে রেখেছিল। তার বিশ্বাস, তদন্তটি সঠিকভাবে পরিচালিত হয়নি। বরং বোর্ড এমন একটি বয়ান বজায় রাখতে চেয়েছিল, বল টেম্পারিংয়ের পরিকল্পনার বিষয়ে বোলাররা কিছুই জানতেন না। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে ডেভিড ওয়ার্নার বলেছেন, ২০১৮ সালের তদন্তের সময় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক বা নাথান লায়নের সাক্ষাৎকার নেয়নি। যদি এটি সত্যি হয়, তবে বোলাররা কিছুই জানতেন না, বোর্ড এমন দাবি কীভাবে করতে পারে?

ওয়ার্নার বলেন, মনে হচ্ছে, তারা শুরু থেকেই ঠিক করে রেখেছিল কাকে দোষী সাব্যস্ত করবে এবং সেই উদ্দেশ্য হাসিলের জন্য তারা দায়সারাভাবে একটি তদন্ত চালিয়েছে। এখন তারা সেই মিথ্যা বয়ানটিই বজায় রাখতে চায়, বোলারদের এ বিষয়ে কোনো ধারণাই ছিল না। এটি পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টার গন্ধই বহন করে। গত ১২ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স উসমান খাজার দাবি প্রত্যাখ্যান করার পর ডেভিড ওয়ার্নার এই বিবৃতি দেন। কেপটাউনে বলের অবস্থা পরিবর্তনের জন্য মাঠে স্যান্ডপেপার (কাগজ ঘষার শিরিষ কাগজ) নিয়ে আসার বিষয়ে কিছু জানার কথা জোরালোভাবে অস্বীকার করেন কামিন্স।

সাবেক এই বাঁহাতি ব্যাটার কামিন্সের সমালোচনা করে বলেন, তিনি তার সাবেক সতীর্থ খাজাকে সমর্থন করার পরিবর্তে তাকে একটি কঠিন পরিস্থিতিতে ফেলেছেন। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে 'স্যান্ডপেপারগেট' বিতর্কের সূত্রপাত হয়, যখন ক্যামেরন ব্যানক্রফটকে বলের ওপর স্যান্ডপেপার ব্যবহার করতে দেখা যায়। এই ঘটনাটি অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারিতে পরিণত হয়।

২০২১ সালে ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া ক্যামেরন ব্যানক্রফটের সাক্ষাৎকারের পর প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড এবং নাথান লায়ন একটি যৌথ বিবৃতি দেন। সেখানে তারা বলের অবস্থা পরিবর্তনের উদ্দেশ্যে মাঠে কোনো বহিরাগত বস্তু নিয়ে আসার বিষয়টি জানার কথা অস্বীকার করেন।

তারা আরও জানান, কেপটাউনে বড় পর্দায় টেলিভিশনের ফুটেজ দেখার পরই তারা স্যান্ডপেপার ব্যবহারের ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। তারা উল্লেখ করেন, ঘটনাটি প্রকাশ্যে আসার পর আম্পায়ার নাইজেল লং ও রিচার্ড ইলিংওয়ার্থ বলটি পরীক্ষা করেছিলেন, কিন্তু কোনো দৃশ্যমান ক্ষতি না পাওয়ায় তারা বলটি পরিবর্তন করেননি। অস্ট্রেলীয় তারকারা বলেছিলেন, এর কোনো কিছুই নিউল্যান্ডসে সেদিন মাঠে যা ঘটেছিল, তার পক্ষে অজুহাত হতে পারে না। এটি ভুল ছিল এবং এমনটা কখনোই ঘটা উচিত ছিল না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..