✕


অনুশীলনের সময় মাটিতে লুটিয়ে পড়লেন বায়ার্নের কোচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ১৩:৪৪:৪০ |

বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি ক্লাবের রিজার্ভ দলের সাথে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জার্মান চ্যাম্পিয়ন ক্লাবটি নিশ্চিত করেছে,  ৪০ বছর বয়সী এই কোচ বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

বুন্দেসলিগার ক্লাবটি জানিয়েছে, ঘটনার পর কোম্পানিকে বিভিন্ন মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানিয়েছেন, বেলজিয়াম এই কোচের স্বাস্থ্যই এখন ক্লাবের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আরও বলেন, কোম্পানি সুস্থ না হওয়া পর্যন্ত কোচিং স্টাফরা তার দায়িত্ব পালন করবেন।

এবার্ল বলেন, এফসি বায়ার্নের পক্ষ থেকে আমরা তার দ্রুত সুস্থতার জন্য সম্ভাব্য সবকিছু করব। ভিনি প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন এবং তাকে সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।

এর আগেও কোম্পানি একটি ভাইরাল সংক্রমণের কারণে বেশ ভোগান্তিতে ছিলেন, যা তার কোচিং দায়িত্ব পালনে বিঘ্ন ঘটিয়েছিল। মঙ্গলবার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে তিনি দলের অনুশীলন ও সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহকারী কোচ অ্যারন ড্যাঙ্কস দলের প্রস্তুতির বিষয়টি তদারকি করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হন।

আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর কোম্পানি স্বীকার করেছিলেন, অসুস্থ বোধ করা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, গত সপ্তাহে আমি বেশ বাজে ধরনের একটি ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আমি আমার শরীরের কথা শুনিনি। একপর্যায়ে আমার শরীর যেন বলে উঠল, যথেষ্ট হয়েছে, আর নয়।

এর আগে ড্যাঙ্কস জানিয়েছিলেন, এই অসুস্থতার কারণে কোম্পানির পায়ে ব্যথা হচ্ছিল। তিনি জোর দিয়ে বলেছিলেন, কোচকে সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, তিনি যত দিনই দলের বাইরে থাকুন না কেন।
কোম্পানি কবে আবার ডাগআউটে ফিরতে পারবেন, সে বিষয়ে বায়ার্ন এখনো কিছু জানায়নি।

জার্মান লিগের শীর্ষস্থানে থাকা বায়ার্ন শনিবার তৃতীয় স্থানে থাকা ফ্রাইবুর্গের মুখোমুখি হবে। এরপর ৩ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলার জন্য তারা মাদ্রিদে যাবে। কোম্পানির হাসপাতালে ভর্তির খবর শুনে অ্যাটলেটিকো মাদ্রিদও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থনের বার্তা পাঠিয়েছে।

স্প্যানিশ ক্লাবটি লিখেছে, আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি, কয়েক দিনের মধ্যেই মাদ্রিদে, ডাগআউটে আপনাকে দেখতে পাব। কোম্পানি অসুস্থ থাকায় বায়ার্নের দায়িত্ব সামলাচ্ছেন কোচিং স্টাফরা।ম্যানচেস্টার সিটির সাবেক অধিনায়ক ও বেলজিয়ামের আন্তর্জাতিক খেলোয়াড় ভিনসেন্ট কম্পানি, ইংলিশ ক্লাব বার্নলির দায়িত্ব সামলানোর পর ২০২৪ সালে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে যোগ দেন।

প্রিমিয়ার লিগ থেকে বার্নলির অবনমনের পর তার এই নিয়োগটি শুরুতে সবাইকে অবাক করেছিল। তবে বায়ার্নে নিজের প্রথম দুই মৌসুমেই তিনি দলকে টানা দুটি বুন্দেসলিগা শিরোপা এবং ২০২৬ সালে জার্মান কাপ জেতান।তার অধীনে বায়ার্ন এখন পর্যন্ত ৭৪টি বুন্দেসলিগা ম্যাচে ৫৭টি জয় পেয়েছে এবং হেরেছে মাত্র তিনটি ম্যাচে। বর্তমানে গোল পার্থক্যের সুবাদে দলটি লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে।

কোচিং ক্যারিয়ার শুরুর আগে কোম্পানি খেলোয়াড় হিসেবে আন্ডারলেখট, হামবুর্গ এবং ম্যানচেস্টার সিটিতে খেলেছেন। ম্যানচেস্টার সিটিতে থাকাকালীন তিনি দলের অধিনায়ক ছিলেন এবং ক্লাবটির ঘরোয়া ফুটবলে আধিপত্য বিস্তারের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে তিনি আন্ডারলেখটে ফিরে কোচিং ক্যারিয়ার শুরু করেন। এরপর বার্নলির দায়িত্ব নিয়ে ২০২৩ সালে চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেন এবং ক্লাবটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন।

বায়ার্ন কর্তৃপক্ষ জানিয়েছে, কোম্পানির অনুপস্থিতিতে দলের তাৎক্ষণিক দায়িত্বগুলো তার সহকারী কোচরাই সামলাবেন। ক্লাবটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোম্পনির দ্রুত সুস্থ হয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়; কোচিংয়ে ফেরার চেয়ে তার শারীরিক সুস্থতাকেই তারা অগ্রাধিকার দিচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..