✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০৮:০৫:৩৭ |জর্ডানের মধ্যাঞ্চলে একটি গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৪ জন।
শুক্রবার দেশটির কারাক গভর্নরেটের হামুদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা একটি গাড়িতে করে এসে গির্জায় ঢুকে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কাজ করছে নিরাপত্তা বাহিনী। তিনি হামলাকারীদের ‘চরমপন্থী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করেছেন।
দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিবিসির যাচাই করা সিসিটিভি ফুটেজে তিনজন বন্দুকধারীকে সড়ক থেকে গির্জার দিকে এগিয়ে যেতে দেখা গেছে। তাদের দুজনকে গির্জার প্রবেশপথের দিকে যেতে এবং পরে ফিরে এসে তৃতীয় একজনের সঙ্গে আবার এগিয়ে যেতে দেখা যায়। তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে ফুটেজে ধারণা পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা গির্জা থেকে বেরিয়ে একটি পিকআপে করে পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায়।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। দেশটিতে এ ধরনের প্রাণঘাতী সহিংসতা তুলনামূলকভাবে বিরল হলেও অতীতেও কয়েকটি বড় হামলার ঘটনা ঘটেছে।
জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী আল-ফারায়া এ ঘটনাকে ‘বেদনাদায়ক ও ভয়াবহ’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, অন্ত্যেষ্টিক্রিয়ায় শোকাহত মানুষের ওপর এ ধরনের হামলা ধর্মীয় ও মানবিক মূল্যবোধের পরিপন্থী।
তথ্যসূত্র : বিবিসি