খিলক্ষেত কুড়িল বিশ্বরোড এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় ইয়াসিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মো. ইমরান (২৬) নামের আরেক পথচারী।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ইয়াসিন শুধু তার নাম বলতে পেরেছিলেন। তবে তিনি কোথায় থাকেন, কী করেন- সে বিষয়ে কিছুই বলতে পারেননি।
আহত পথচারী ইমরান দর্জি কারিগর। তিনি রাজধানীর মগবাজার এলাকায় থাকেন।
ঢামেকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ লিজন জানিয়েছেন, সন্ধ্যায় কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজন।
আহত ইমরান জানান, সন্ধ্যায় ৩০০ ফিট এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি।
রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় তিনি আহত হন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইয়াসিনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আহত ইমরান হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
এ জাতীয় আরো খবর..