✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২৪, | ০১:১০:৩৪ |যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প শুক্রবার এক আকস্মিক ঘোষণায় জানিয়েছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি স্থানীয় যুদ্ধবিরতি চুক্তির ব্যবস্থা করেছেন। ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত ও রুশ-অধিকৃত শহর ওলেশকিতে আটকে পড়া এবং খাদ্যসংকটে থাকা নাগরিকদের সহায়তার জন্য আগামী ২৯ অক্টোবর থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলে তার কার্যালয় জানিয়েছে। তবে মস্কো বা কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া এক বিবৃতিতে ওলেশকির পরিস্থিতিকে ‘ভয়াবহ’ ও বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা একটি শহর হিসেবে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, তার হস্তক্ষেপ ছাড়া শহরটিতে মানবিক সহায়তা পৌঁছানো এবং বয়স্কদের নিরাপদে সরিয়ে নেওয়ার কোনো সুযোগ ছিল না।
খেরসন অঞ্চলে দনিপ্রো নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই শহরটি ২০২২ সালে রুশ বাহিনী দখল করে নেয়। যুদ্ধের আগে শহরটির জনসংখ্যা প্রায় ২৪ হাজার থাকলেও বর্তমানে তা মাত্র দুই হাজারে নেমে এসেছে। শহরবাসী এখন তীব্র খাদ্য ও ওষুধের সংকটে ভুগছেন।
যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া ও ইউক্রেনের বেসামরিক নেতারা একসঙ্গে কাজ করবেন এবং ওলেশকি শহর পরিদর্শন করে ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয় ত্রাণের পরিমাণ নির্ধারণ করবেন। শহর ছাড়তে ইচ্ছুক বাসিন্দাদের রাশিয়া বা ইউক্রেনে যাওয়ার জন্য প্রয়োজনীয় যাতায়াত সহায়তা দেওয়া হবে। পুরো প্রক্রিয়ায় উভয় দেশের দলের সঙ্গে একটি নিরপেক্ষ মার্কিন গণমাধ্যম উপস্থিত থাকবে বলেও জানিয়েছেন মেলানিয়া, যাতে বাসিন্দাদের ইচ্ছার সঠিক মূল্যায়ন হয়।
এক বছর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন যোগাযোগের মাধ্যম তৈরির কথা জানিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ৫৬ বছর বয়সী এই সাবেক মডেল। তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে বিচ্ছিন্ন হওয়া ৩৪ জন শিশুকে ইতিমধ্যে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে ভূমিকা রেখেছেন মেলানিয়া। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ডোনাল্ড ট্রাম্প যখন জেলেনস্কির দিক থেকে মুখ ফিরিয়ে পুতিনের সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা করছেন, ঠিক তখনই মেলানিয়া ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন।