✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২২, | ১১:৪৯:৫৮ |হলিউডের জনপ্রিয় হার্টথ্রব টম ক্রুজপাচ্ছেন আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
আগামী বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে টম ক্রুজের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে এখনও কিছু বলেননি অভিনেতা।
এএফআই বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ক্যাথলিন কেনেডি বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত এক আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি তাঁর প্রতিটি কাজে অসাধারণ নিষ্ঠার পরিচয় দেন। বিশেষ করে সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, সে বিষয়টি আমার কাছে বিশেষভাবে প্রশংসনীয়। এই আবেগ তাঁকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। তাঁকে ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিতে পেরে আমরা সম্মানিত।’
তিনবার অস্কারের জন্য মনোনয়ন পাওয়া টম ক্রুজের অভিনীত সিনেমাগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ১৩ বিলিয়ন ডলার আয় করেছে।
তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রিস্কি বিজনেস’, ‘টপ গান’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘আ ফিউ গুড মেন’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের একাধিক সিনেমা।
বর্তমানে আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর পরিচালিত ডিগার সিনেমায় অভিনয় করছেন টম ক্রুজ। মুক্তির আগেই সিনেমাটি দর্শকদের মধ্যে নানা আলোচনা তৈরি করেছে।
এদিকে ডেজ অব থান্ডার ২ সিনেমায় কোল ট্রিকল চরিত্রে আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে এর আগেও বহু সম্মাননা পেয়েছেন এই হলিউড তারকা। কান চলচ্চিত্র উৎসব, প্রডিউসার্স গিল্ড অব আমেরিকা, ফ্রান্সের নাইট অব দ্য লিজিয়ন অব অনার, হার্ভার্ডের হ্যাস্টি পুডিং ম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড এবং সাইমন উইজেনথাল হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।
এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আগের প্রাপকদের তালিকায় রয়েছেন এডি মারফি, ফ্রান্সিস ফোর্ড কপোলা, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ, ডেনজেল ওয়াশিংটন, জর্জ ক্লুনি ও ডায়ান কিটন।
১৯৭৩ সালে কিংবদন্তি পরিচালক জন ফোর্ডকে এ সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে পুরস্কারটির যাত্রা শুরু হয়।