✕

সর্বশেষ :
দুর্গাপূজায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে : স্বাস্থ্যমন্ত্রী বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, তারিখ নিয়ে যে সিদ্ধান্ত স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দলছুট করা হবে : আইনমন্ত্রী বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরো বাড়ার আশঙ্কা মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নিখোঁজের ২৪ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ নীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে নীতিমালা প্রণয়নে জোর দিচ্ছে সরকার

রাষ্ট্রপতির সঙ্গে বিশিষ্ট ইসলামি ব্যক্তিবর্গের সাক্ষাৎ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৪:০৮:২৯ |

(বাসস) : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ দুপুরে বিশিষ্ট আলেম ও ইসলামি ব্যক্তিবর্গের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার ও মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল, খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসস’কে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দি জীবনের বেদনার স্মৃতি স্মরণ করেন।

তিনি বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন আমরা যেন ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি। ফ্যাসিবাদী দুঃশাসন আর যেন ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও আলেমদের খুব সম্মান করতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ থেকে সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন করেন। এ ছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ অন্তর্ভুক্ত করেন।

রাষ্ট্রপতি নিজেকে এখন ‘সম্পূর্ণ অরাজনৈতিক মানুষ’ উল্লেখ করে বলেন, তবে ইসলামি মূল্যবোধ ও শরীয়ায় আঘাত আসে এমন কোনো কাজ যাতে কেউ না করে তা তিনি লক্ষ্য রাখবেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ ধনী দেশগুলোর সঙ্গে ব্যাবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সেসব দেশ থেকে বিনিয়োগ ও অনুদান আনতে দেশের আলেম সমাজের আরবি ভাষাজ্ঞান, যোগাযোগ পারদর্শিতা ও ব্যক্তিগত সংযোগ কাজে লাগানোর অনুরোধ করেন।

রাষ্ট্রপতি এ ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে অব্যাহত যোগাযোগের পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা ও ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলো সফরের ও হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..