✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৪৬:০১ |বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সমালোচনা করায় মিসরের প্রধান কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তফা জিকোকে নিষিদ্ধ করেছে ফিফা।
হাসানকে তিন ম্যাচ এবং জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া দলের ম্যানেজার ও হাসানের যমজ ভাই ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ফিফার শৃঙ্খলা কমিটি এ শাস্তির সিদ্ধান্ত নেয়।
ইএফএ জানিয়েছে, নিষেধাজ্ঞার বিস্তারিত কারণ ও ব্যাখ্যা জানতে ফিফার কাছে আবেদন করা হয়েছে। শাস্তির আইনি দিক পর্যালোচনা করে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
গত ৬ জুলাই যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর। ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয় দলটিকে। ম্যাচে মিসরের একটি গোল বাতিল হয় এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে পেনাল্টি না পাওয়ার অভিযোগ তোলে দলটি।
ম্যাচ শেষে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কোচ হোসাম হাসান। তিনি দাবি করেন, তার দলকে অন্যায়ভাবে হারানো হয়েছে। অন্যদিকে, ভিডিও সহকারী রেফারির (ভিএআর) হস্তক্ষেপে জিকোর একটি গোল বাতিল করা হয়।
এই নিষেধাজ্ঞার কারণে আগামী নভেম্বরে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে মিসরের ম্যাচগুলোতে কোচ হোসাম ও ম্যানেজার ইব্রাহিমের অনুপস্থিত থাকার আশঙ্কা রয়েছে। মার্চের আন্তর্জাতিক বিরতিতে দলের প্রথম ম্যাচেও তারা থাকতে পারবেন না। জিকো জুন পর্যন্ত মাঠের বাইরে থাকবেন।
তবে ম্যাচের রেফারিং নিয়ে ওঠা অভিযোগের জবাবে ফিফার রেফারিবিষয়ক প্রধান পিয়েরলুইজি কলিনা দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছিলেন। তার মতে, এ ধরনের অভিযোগ রেফারি ও তাদের পরিবারের বিরুদ্ধে হুমকির ঝুঁকি তৈরি করতে পারে।