✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-২০, | ১৩:৪০:৫৬ |ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ সম্মান ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এবারই প্রথম ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসছে পুরস্কার বিতরণীর জমকালো আসর। আগামী ২৬ অক্টোবর লন্ডন প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আর্সেনালের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি ও জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক কেট স্কট।
গতকাল রাতে ব্যালন ডি’অরের ওয়েবসাইটে উপস্থাপক হিসেবে অঁরি ও স্কটের নাম ঘোষণা করে আয়োজক ফ্রান্স ফুটবল ও উয়েফা।
অঁরি ২০০৩ সালে ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় হয়েছিলেন। ক্যারিয়ারে মোট নয়বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।
১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ২০০৯ সালে বার্সেলোনার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগও জেতেন সাবেক এই ফরোয়ার্ড।
তবে ক্লাব ক্যারিয়ারের সেরা সময় অঁরি পার করেছেন লন্ডনেই। উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালের হয়ে দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন। ২০০৩-০৪ মৌসুমে ‘ইনভিন্সিবল’ (অপরাজিত চ্যাম্পিয়ন) আর্সেনালের অপরিহার্য সদস্য ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অঁরি। লন্ডনকে নিজের শহর উল্লেখ করে তিনি বলেছেন, শহরটির ফুটবল সংস্কৃতি ও সমর্থকদের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। কেট স্কটের সঙ্গে এই আয়োজন উপস্থাপনা করতে পারা তার জন্য বিশেষ সম্মানের। স্কট এর আগে ২০১৪, ২০১৫ ও ২০২৫ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।
অন্যদিকে, কেট স্কট আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত ক্রীড়া সাংবাদিক ও উপস্থাপক। যুক্তরাষ্ট্রের সিবিএস স্পোর্টসে চ্যাম্পিয়নস লিগের অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। সেখানে অঁরির সঙ্গে নিয়মিত কাজ করেন।
এবারের ব্যালন ডি’অর আয়োজনের বিশেষত্ব হলো, পুরস্কারটির ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠানটি ফ্রান্সের রাজধানী প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
১৯৫৬ সালে শুরু হওয়া ব্যালন ডি’অরের প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথুজ। পুরস্কারটির ৭০ বছর পূর্তিতে লন্ডনে আয়োজনের সিদ্ধান্তকে তার প্রতি শ্রদ্ধা জানানোর প্রতীক হিসেবে দেখছে আয়োজকেরা। এর আগে দীর্ঘদিন ধরে প্যারিসেই অনুষ্ঠিত হয়েছে এই পুরস্কারের অনুষ্ঠান।
পুরুষদের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় এবার আলোচনায় আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, লামিনে ইয়ামাল ও উসমান দেম্বেলে। রেকর্ড আটবারের বিজয়ী মেসি এখন ইন্টার মায়ামির হয়ে খেললেও পুরস্কারের দৌড়ে আছেন। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এমবাপে এবার প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের লক্ষ্যে নামবেন। আর ২০২৫ সালের বিজয়ী দেম্বেলে চাইবেন শিরোপা ধরে রাখতে।
তবে প্রতিদ্বন্দ্বিতা শুধু এই তারকাদের মধ্যে সীমাবদ্ধ নয়। বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন, ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামও আছেন আলোচনায়। তরুণদের মধ্যে বার্সেলোনার ইয়ামাল, পাউ কুবর্সি ও পিএসজির হোয়াও নেভেসের মতো খেলোয়াড়েরা নজর কাড়ছেন।
নারীদের ব্যালন ডি অরেও থাকছে জমজমাট লড়াই। গতবারের বিজয়ী বার্সেলোনার আইতানা বোনমাতি এবারও পুরস্কার জয়ের অন্যতম দাবিদার। তার সতীর্থ আলেক্সিয়া পুতেয়াসও আছেন সংক্ষিপ্ত তালিকায়। এ ছাড়া বার্সেলোনার এওয়া পায়োর ও ক্যারোলিন গ্রাহাম হ্যানসেনের পাশাপাশি ম্যানচেস্টার সিটির খাদিজা শ ও লরেন হেম্পও মনোনয়ন পেয়েছেন।
আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হওয়ার কথা ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান।