✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১১:৩০:৫৯ |ম্যাচের বেশির ভাগ সময় নিজেদের সেরা ছন্দে ছিল না আর্সেনাল। লক্ষ্যে প্রথম শট নিতে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিটেরও বেশি সময়। তবে শেষ পর্যন্ত ননি মাদুয়েকের দারুণ গোলে নটিংহ্যাম ফরেস্টকে ১-০ ব্যবধানে হারিয়েছে লন্ডনের ক্লাবটি।
রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের মাঠে এই জয় পায় মিকেল আর্তেতার দল। ম্যাচের ৮০তম মিনিটে বাম দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকে জোরালো শট নেন মাদুয়েকে। ফরেস্টের ডিফেন্ডার জাইর কুনহার গায়ে লেগে বলের গতিপথ বদলে গেলে তা জালে জড়ায়। এই গোলেই নিশ্চিত হয় আর্সেনালের জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছন্দ খুঁজে পেতে হিমশিম খায় আর্সেনাল। প্রথমার্ধে কাই হাভার্টজের একটি শট সাইডনেটে লাগে। অন্যদিকে, ফরেস্টের ড্যান এনদোয়ে আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়াকে পরীক্ষায় ফেলেন।
বিরতির পর এবেেরেচি এজের বদলে মাদুয়েকেকে নামান আর্তেতা। তাতেও শুরুতে খুব একটা পরিবর্তন আসেনি। পরে মিকেল মেরিনো, ভিক্টর ইয়োকেরেস ও জুরিয়েন টিম্বারকে মাঠে নামিয়ে আক্রমণে গতি আনার চেষ্টা করেন আর্সেনাল কোচ।
ডেকলান রাইসের কর্নার থেকে গ্যাব্রিয়েল মাগালায়েসের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। পরে টিম্বারের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি রাইস। তবে শেষ পর্যন্ত মাদুয়েকের গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল। আগের ম্যাচগুলোতে টানা তিন জয়ের ধারায় থাকা দলটি সাত লিগ ম্যাচের মধ্যে ষষ্ঠ জয় তুলে নিল।
অন্যদিকে, লিগে তৃতীয় সর্বনিম্ন স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট ঘরের মাঠে শেষ ১৭ লিগ ম্যাচে জিতেছে মাত্র দুটিতে। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল।