✕


তদন্তের মধ্যেই স্বস্তির সংবাদ পেলেন রিজওয়ান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ০১:২১:১৪ |

অনলাইন বেটিং, জুয়া খেলা এবং ড্রেসিংরুমের তথ্য ফাঁস করার অভিযোগে চলমান তদন্তের মধ্যেই কিছুটা স্বস্তি পেয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দিয়েছে।

দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ বর্তমানে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন লিমিটেড (এসএনজিপিএল)-এর পরিচালক ও প্রধান কোচ। এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি পিসিবির ঘরোয়া বিভাগ থেকে একটি ইমেইল পেয়েছেন। এতে রিজওয়ানকে ১৯ অক্টোবর থেকে শুরু হওয়া ‘প্রেসিডেন্টস কাপ’ প্রথম শ্রেণির টুর্নামেন্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

হাফিজ জানান, টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড আগামীকাল শুরু হয়েছে এবং রিজওয়ান এসএনজিপিএল দলের নেতৃত্ব দেবেন। আগস্ট মাসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর রিজওয়ান ও তার সতীর্থ ইমাম-উল-হককে দেশে ফিরিয়ে আনা হয়। ড্রেসিংরুমের তথ্য ফাঁস এবং অনলাইন বেটিং ও জুয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে ন্যাশনাল সাইবার ক্রাইম সেল (এনসিসিএ)-এর তদন্তের মুখোমুখি হওয়ার জন্য তাদের ঘরোয়া ক্রিকেট খেলা থেকে বিরত রাখা হয়েছিল।

রিজওয়ান জিজ্ঞাসাবাদের জন্য দুবার এনসিসিএ-এর সামনে হাজির হয়েছেন। তবে সরকারি এই সংস্থাটি ঠিক কী ধরনের অভিযোগ নিয়ে তদন্ত করছে, তা এখনো স্পষ্ট নয়। লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের সময় পাকিস্তান দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা রিজওয়ান ও ইমামের ফোন জব্দ করেছিলেন। বর্তমানে ফোনগুলো ফরেনসিক পরীক্ষার জন্য এনসিসিএ-এর কাছে রয়েছে।

ইমাম-উল-হক লোকচক্ষুর আড়ালে থাকলেও, এই তদন্তের বিষয়ে নিজের প্রতিক্রিয়ার কারণে রিজওয়ান বারবার শিরোনামে এসেছেন। তবে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, গত ১০ অক্টোবর লাহোরে এনসিসিএ-এর সঙ্গে রিজওয়ানের সর্বশেষ সেশনের পর পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। সূত্রটি আরও জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া খুব দ্রুত শেষ হতে পারে।

৪৭টি টেস্ট, ১০৩টি ওয়ানডে এবং ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ ক্রিকেটার রিজওয়ান লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..