✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৩২:২৪ |নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারীর গুলিতে সুজন পাল নামে এক যুবক আহত হয়েছেন।
আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের মাইলোড়া এলাকায় রামকৃষ্ণ মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরে মনোরমা মিষ্টিন্ন ভান্ডার নামেদোকানে কাজ করতেন। স্ত্রী সন্তানকে নিয়ে তিনি মাইলোড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
সুজন পালের প্রতিবেশীরা জানান, ভোরে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য বাসার পাশের রামকৃষ্ণ মন্দিরের সামনের পুকুরে যাচ্ছিলেন সুজন। এ সময় মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী তার কাছে এক প্রবাসীর বাড়ির ঠিকানা জানতে চান। একপর্যায়ে তাদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে পেছন থেকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যান ওই দুজন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সুজনকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মমেক হাসাপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।
সুজন পালের স্ত্রী টুম্পা পাল বলেন, ভোরে বাসার পাশের সড়কে গেলে মোটরসাইকেলে আসা দুই মুখোশধারী ব্যক্তি সুজনকে গুলি করে পালিয়ে যায়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার বলেন, সুজনের পিঠে গুলি লেগেছে। সকালে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, ওসি হাফিজুল ইসলাম হারুন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আলমাত সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।