✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ১৩:৫৫:৫৪ |দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখতে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং পরিস্থিতি উন্নয়নে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেন তিনি।
আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী আকস্মিকভাবে এই হাসপাতালে উপস্থিত হন। সেখানে তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের কাছে যান এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের চিকিৎসার খোঁজ নেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষ (অপারেশন থিয়েটার) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।
এরপর প্রধানমন্ত্রী রাজউক উত্তরা মডেল কলেজে যান। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি।
এ সময় সরকারপ্রধান বলেন, বছরের এ সময়ে বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ আক্রান্ত হন, অনেকের মৃত্যুও হয়। ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিরোধ। আর এজন্য পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।