✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৭, | ০২:১৮:১৬ |পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন ঘিরে আবারও অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী ভানিজা সাত্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার ছড়িয়ে পড়া এ ধরনের খবর নিয়ে বিরক্তি ও হতাশার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সত্যতা যাচাই না করেই নানা দাবি ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। খবর ডেইলি পাকিস্তানের।
‘কুচ আনকাহি’ নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া ভানিজা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপ নিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লেখেন, ‘ওহ মাই গড! আবারও!’ তার এই মন্তব্যে শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়ায় বিরক্তির বিষয়টি স্পষ্ট হয়েছে।
ভানিজার আপত্তি শুধু বিয়ের গুঞ্জনকে ঘিরেই নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসার জন্য তারকাদের নিয়ে চাঞ্চল্যকর দাবি ছড়িয়ে দেওয়ার প্রবণতারও সমালোচনা করেছেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, কিছু ব্যবহারকারী মানুষের দৃষ্টি আকর্ষণ, ভিউ বাড়ানো এবং অনলাইনে সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে তারকাদের নিয়ে নানা ধরনের কথা ছড়ান। সেসব দাবির সত্যতা যাচাই না করে সেগুলো নিয়েই আলোচনা চলতে থাকে। অথচ জনপরিসরে আলোচনার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেগুলো উপেক্ষা করে মনগড়া গল্প নিয়ে এত মাতামাতি কেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
শোয়েব মালিকের সঙ্গে ভানিজার বিয়ের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে এ বিষয়ে কথা বলতে হয়েছে অভিনেত্রীকে। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, শোয়েব মালিকের সঙ্গে তার কখনো সরাসরি দেখাই হয়নি। এমনকি তাদের দুজনকে ঘিরে বিয়ের গুঞ্জন কীভাবে শুরু হলো, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছিলেন তিনি।