✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ১৪:৪২:৩১ |জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে বিদেশি বাসিন্দার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ লাখ ৮১ হাজার ২৬ জনে। যা গত বছরের ডিসেম্বরের তুলনায় বেড়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৩১ জন বা ৩ দশমিক ৮ শতাংশ। ফলে জাপানের মোট জনসংখ্যার ৩ দশমিক ৪৮ শতাংশ এখন বিদেশি বাসিন্দা।
শুক্রবার প্রকাশিত দেশটির ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি (আইএসএ) পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
পরিসংখ্যান দেখা যায়, বসবাসের অনুমতির ধরন অনুযায়ী জাপানে সবচেয়ে বেশি রয়েছেন স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত বিদেশিরা। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৬১ হাজার ৩০০ জন। এরপর রয়েছেন প্রকৌশলী, মানবিক বিষয়ে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সেবায় কর্মরত ৫ লাখ ১৬ হাজার ২০০ জন। এ ছাড়া দেশটিতে শিক্ষার্থী রয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬০০ জন।
জাপানে বিদেশি বাসিন্দাদের মধ্যে সবচেয়ে বেশি বসবাস করছেন চীনের নাগরিক। তাদের সংখ্যা মোট ৯ লাখ ৪১ হাজার। এরপর ভিয়েতনামের ৬ লাখ ৯৩ হাজার ৮০০, দক্ষিণ কোরিয়ার ৪ লাখ ৮ হাজার ৭০০ এবং ফিলিপাইনের ৩ লাখ ৬২ হাজার ৮০০ নাগরিক রয়েছেন।
অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি বিদেশি বাসিন্দা রয়েছেন রাজধানী টোকিওতে। সেখানে বসবাস করছেন ৮ লাখ ২৪ হাজারের বেশি বিদেশি নাগরিক। এরপর রয়েছে ওসাকা, আইচি, কানাগাওয়া ও সাইতামা প্রদেশ।
এদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে ১ কোটি ৯৭ লাখ ৭ হাজার বিদেশি নাগরিক জাপান সফর করেছেন। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২১ হাজার ৫০০ কম। এছাড়াও অস্থায়ী সফরসহ বিভিন্ন ধরনের অনুমতি নিয়ে আসা বিদেশি নাগরিকের সংখ্যা কমেছে। গত বছরের অক্টোবরে এ ধরনের অনুমতি পাওয়ার শর্ত কঠোর করা হয়েছিল। এর প্রভাবেই সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, গত ১ জুলাই পর্যন্ত জাপানে বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও ৬৫ হাজার ২০০ বিদেশি নাগরিক দেশটিতে অবস্থান করছিলেন। যা গত জানুয়ারির হিসাবের তুলনায় ৩ হাজার ৩০০ কম।
সূত্র: দ্যা টাইমস অব জাপান