✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৬, | ০১:২৬:৪১ |আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আক্রমণভাগের শক্তি বাড়াতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। স্ট্রাইকার সংকটে থাকা বাংলাদেশের জন্য তাঁর অন্তর্ভুক্তি হতে পারে গুরুত্বপূর্ণ সংযোজন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত এপ্রিলে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রোনান। তাঁর পারফরম্যান্সে টুর্নামেন্টে শিরোপা জেতে বাংলাদেশ। তবে মূল সাফ চ্যাম্পিয়নশিপে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল। বৃহস্পতিবার সেই অনিশ্চয়তা দূর হয়েছে।
ফাহাদ করিম জানান, রোনান তাঁকে খেলতে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর মধ্যেই তাঁকে বাংলাদেশের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আজকেই আমাকে সে নিশ্চিত করেছে যে, ইনশাআল্লাহ সে আসতে পারবে। ১৮ অক্টোবর খেলোয়াড় তালিকা নিবন্ধনের শেষ দিন। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।”
আগামী ৪ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেটিই এখন পর্যন্ত দেশের একমাত্র সাফ চ্যাম্পিয়নশিপ জয়।
গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জেতে দলটি। ওই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুটি গোল করেছিলেন রোনান। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। এবার জাতীয় দলের হয়ে সাফে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন সমর্থকেরা।