✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ১৪:০৪:০৪ |পাকিস্তানের পেশোয়ার শহরে শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে একটি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ঘটে যাওয়া মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৩ বছরের কম। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বার্তাসংস্থা রয়তার্সের এক প্রতিবেদনে এ তথ্য জনা যায়।
হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, আহত ২০ জনকে পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের অধিকাংশকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারের দির কলোনিতে অবস্থিত বেসরকারি আল-খাইর এডুকেশন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তা বিলাল ফয়জি জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে কাজ করছে।
এক উদ্ধারকর্মী জানান, ভবনের ওপরের তলার ছাদ ধসে প্রথম তলার ছাদের ওপর পড়ে। পরে ওই ছাদও ভেঙে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর পড়ে।
টেলিভিশনে প্রচারিত ছবিতে ঘটনাস্থলে একের পর এক অ্যাম্বুলেন্স পৌঁছাতে এবং উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ থেকে রক্তাক্ত শিক্ষার্থীদের বের করে আনতে দেখা যায়।
জেলা জরুরি বিভাগের কর্মকর্তা ইফতিখার খান জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অন্তত ৪৫ শিশুকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন শিশু আটকা পড়ে থাকতে পারে বলেও খবর পাওয়া গেছে।
উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আরও শিক্ষার্থী আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে।