✕


হোয়াটসঅ্যাপে অপ্রয়োজনীয় ফাইল ও ছবি ডাউনলোড বন্ধ করবেন যেভাবে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৫, | ০১:৩১:১০ |

হোয়াটসঅ্যাপে প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও, অডিও ও বিভিন্ন ফাইল এসে জমা হয়। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি বিভিন্ন গ্রুপে যুক্ত থাকলে অপ্রয়োজনীয় মিডিয়া ফাইলের পরিমাণ বহুগুণ বেড়ে যায়। অনেক সময় ব্যবহারকারীর অলক্ষ্যেই এসব ফাইল ফোনের স্টোরেজ দখল করে নেয় এবং অতিরিক্ত মোবাইল ডেটাও খরচ করে।

তবে হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ কয়েকটি সেটিংস পরিবর্তন করে সহজেই অপ্রয়োজনীয় ফাইলের স্বয়ংক্রিয় বা অটো-ডাউনলোড বন্ধ করা সম্ভব।

স্বয়ংক্রিয় মিডিয়া ডাউনলোড বন্ধ করার সহজ উপায়

১. সেটিংসে যান: প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ খুলে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে ওপরে ডান কোণে থাকা ‘থ্রি ডট’ থেকে Settings-এ প্রবেশ করুন। আইফোনের ক্ষেত্রে নিচের Settings ট্যাবে ট্যাপ করুন।

২. স্টোরেজ সেটিংস: তালিকায় থাকা Storage and Data অপশনটি নির্বাচন করুন।

৩. অটো-ডাউনলোড পরিবর্তন: সেখানে Media auto-download অংশে ছবি, ভিডিও, অডিও ও ডকুমেন্টের জন্য আলাদা সেটিংস দেখতে পাবেন।

৪. মোবাইল ডেটা নিয়ন্ত্রণ: When using mobile data অপশনে ট্যাপ করে যে ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড করতে চান না, সেগুলোর টিক চিহ্ন তুলে দিন। সম্পূর্ণ স্বয়ংক্রিয় ডাউনলোড বন্ধ করতে সব অপশন অনির্বাচিত করে OK দিন।

৫. ওয়াই-ফাই সেটিংস: একইভাবে When connected on Wi-Fi অপশনে গিয়ে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনুন।

পরামর্শ: মোবাইল ডেটা বাঁচাতে চাইলে শুধু When using mobile data অপশনের অটো-ডাউনলোড বন্ধ রেখে ওয়াই-ফাইয়ের সুবিধা চালু রাখা যেতে পারে। কিংবা প্রয়োজন অনুযায়ী ভিডিওর অটো-ডাউনলোড বন্ধ রেখে শুধু ডকুমেন্ট ডাউনলোডের অনুমতি দেওয়া সম্ভব।

গ্যালারিতে ছবি জমা হওয়া বন্ধ করার পদ্ধতি

হোয়াটসঅ্যাপে ফাইল ডাউনলোড হলেও তা যাতে ফোনের মূল ফটো গ্যালারিতে জমা না হয়, সে জন্য এই ধাপগুলো অনুসরণ করুন:

নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রে: নির্দিষ্ট কোনো ব্যক্তি বা গ্রুপের চ্যাট অপশন খুলে ওপরে থাকা প্রফাইল নামের ওপর ট্যাপ করুন।

মিডিয়া ভিজিবিলিটি: সেখানে Media visibility অপশনটি নির্বাচন করে No করে দিন (আইফোনের ক্ষেত্রে এটি Save to Photos নামেই পাওয়া যাবে)।

এই সেটিংস পরিবর্তনের পর হোয়াটসঅ্যাপে কোনো ফাইল এলে তাতে ম্যানুয়ালি ট্যাপ না করা পর্যন্ত তা ডাউনলোড হবে না। ফলে ফোনের স্টোরেজ ফাঁকা থাকবে এবং ডেটার অপচয় রোধ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..