✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ২৩:০৭:১৭ |মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলি কেনাবেচার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর ও মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোইল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বারেক ব্যাপারী (৪৯), সুজন বেপারী (৩৮) ও তাঁর বড় ভাই মনির হোসেন (৪৫)। তাঁরা মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোইল এলাকার বাসিন্দা সুজন ও মনিরের পিতা কাসেম ব্যাপারী।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-১১-এর দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি-১৪-এর একটি দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় একটি হারমোনিয়ামের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র দুটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছেন বলেও তিনি জানান।
এ তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে এসআরবি-১১-এর সদর কোম্পানির একটি দল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিরোইল এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন এবং ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এসআরবির দাবি, উদ্ধার করা টাকাগুলো অস্ত্র বিক্রির অর্থ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব থানা ও মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।