✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৮, | ০১:২৭:২৬ |ক্যান্সার জয় করে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন নিক ম্যাডিনসন। তার এই প্রত্যাবর্তন যেমন অনেককেই অবাক করেছে, তেমনই ক্রিকেট অঙ্গনে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া। অজি নির্বাচকদের এমন সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে তাদের কড়া ভাষায় সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ওপেনার ম্যাথু হেইডেন।
ক্যান্সার কাটিয়ে ওঠার প্রক্রিয়ার মাঝে থাকা ম্যাডিনসন আগের ১৯ মাসে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেননি। সর্বশেষ যেবার শেফিল্ড শিল্ডে খেলেছিলেন সেই আসরের গড় মোটে ১৭.৮০। এমন কাউকে কী বিবেচনায় নির্বাচকরা দলে ফেরালেন, বোধগম্য হচ্ছে না হেইডেনের।
সম্প্রতি অল ওভার বার দ্যা ক্রিকেট পডকাস্টে ম্যাথু হেইডেন বলেছেন, ‘আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে আমরা ক্রিকেটের এই প্রজন্মে দেখা সবচেয়ে বড় মাঝারি মানের ক্রিকেটারদের তুলে ধরছি। যদি আমরা এই ধারণাটা ধরে রাখি এবং আশা করি যে, (প্রথম শ্রেণির ক্রিকেটে) ৩৫ গড়ের একজন খেলোয়াড় টেস্ট ক্রিকেটে ৫৫ গড়ে রান করবে তাহলে (নির্বাচক) জর্জ বেইলি এবং টনি ডডেমেইড, আপনারা দিবাস্বপ্ন দেখছেন। আমি সহজভাবেই বলছি। আপনারা শুধু দিবাস্বপ্ন দেখছেন।’
হেইডেন আরও বলেন, ‘আপনারা (নির্বাচকরা) এই জঘন্য অজুহাতগুলো চাপিয়ে দিচ্ছেন। আমার মতে, আপনারা প্রথম শ্রেণির ক্রিকেটকে অসম্মান করছেন। আপনারা এটা করতে উঠেপড়ে লেগেছেন। এমন ব্যাটারদের দলে নেওয়া উচিত যাদের (প্রথম শ্রেণির ক্রিকেটের) গড় ৪৫ বা তার বেশি। কিন্তু আপনারা তা পারছেন না, কারণ তারা খেলতে চায় না।’
এছাড়া মিচেল মার্শের ব্যাপারে হেইডেন জানান, ‘মিচকে (মিচেল মার্শ) নিয়ে প্যাট কামিন্স কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না, যদি সে শেফিল্ড ক্রিকেট খেলতে না চায়, এটা আসলে সামনে এসে চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাওয়ার ব্যাপার। তারা এই সংস্করণের (প্রথম শ্রেণির) ক্রিকেট খেলতে চায় না। মিচ (মিচেল) এর ভালো উদাহরণ। সে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সারা বিশ্বে খেলে কোটি কোটি ডলার আয় করছে। এখানেই আমাদের মৌলিক সমস্যা রয়েছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর, ডারবানে।